লক্ষ্মীপুরে ভোটে বিক্ষিপ্ত সংঘর্ষ, আহত ১২
জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, দুপুর আড়াইটা পর্যন্ত মোট ভোটের ৫১ শতাংশ কাস্টিং হয়েছে।
লক্ষ্মীপুরে বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা, ধাওয়া পাল্টা-ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। এসব ঘটনায় নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার লক্ষ্মীপুরের চারটি আসনের ৪৯৬টি ভোট কেন্দ্রে এ ভোটগ্রহণ হয়। পোষ্টাল ভোট ছাড়া এবার জেলায় ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটার ছিল।
সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসেন। শুরুতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতিও কমতে থাকে।
সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, দুপুর আড়াইটা পর্যন্ত মোট ভোটের ৫১ শতাংশ কাস্টিং হয়েছে। শেষ হওয়া পর্যন্ত কত শতাংশ তা নির্ণয় করতে আরও সময় লাগবে। তবে বিকালের দিকে ভোটার উপস্থিত তুলনামূলক কম ছিল। এক্ষেত্রে আরও কয়েক শতাংশ ভোট যোগ হবে।
ভোট চলাকালে আধিপত্য বিস্তার নিয়ে বিজয়নগর উচ্চ বিদ্যালয় ও পৌর শহিদ স্মৃতি একাডেমি, আদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দত্তপাড়ার বড়ালিয়া কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে পৃথক হামলা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এতে ১২ জন আহত হয়। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
