আখাউড়ায় জামায়াত প্রার্থী অবরুদ্ধ, উত্তেজনা
তোলাতলা গ্রামে অবরুদ্ধ করে রাখা হয় বলে আখাউড়া থানার ওসি জাবেউল ইসলাম জানান।
আখাউড়া উপজেলায় জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের প্রার্থীকে তার কয়েকজন কর্মীসহ অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। আধা ঘণ্টা পর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের প্রার্থী মো. আতাউর রহমান সরকারকে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতলা গ্রামে অবরুদ্ধ করে রাখা হয় বলে আখাউড়া থানার ওসি জাবেউল ইসলাম জানান।
প্রার্থী আতাউর রহমান সরকার অভিযোগ করেন, “আমি সন্ধ্যা পৌনে ৬টায় অসুস্থ একজন মুরুব্বীকে দেখতে এসেছিলাম। সঙ্গে স্থানীয় ১০ কেন্দ্র প্রতিনিধি ছিলেন। তাদের নিয়ে কুশলাদি বিনিময় শেষ করি।
“এ সময় বশির আহমেদ নামে এক যুবদল নেতার নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা আমার সহকর্মীদের লাঞ্ছিত করে। স্থানীয়দের সহায়তায় গাড়িতে উঠার পরও হামলা করা হয়। ম্যাজিস্ট্রেট ও পুলিশ আসার পর আমরা সেখান থেকে আসতে পারি।
তবে ধরখার ইউনিয়নের বাসিন্দা ও জেলা বিএনপির সাবেক নেতা মো, নাছির উদ্দিন হাজারী বলেন, “বিধি না মেনে জামায়াত প্রার্থী প্রচার কাজ চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন ওই প্রার্থীসহ সঙ্গে থাকা লোকজনকে আটক করেন। প্রচারের সময় শেষ হয়ে গেলেও কেন তারা এসেছেন এ বিষয়ে জানতে চান।”
ওসি জাবেউল ইসলাম বলেন, “প্রার্থীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে ম্যাজিস্ট্রেট ও আমরা ঘটনাস্থলের দিকে রওনা হই। আমরা যাওয়ার আগেই তাদের ছেড়ে দেওয়া হয়।”
এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
