রাজশাহীতে ভোটকেন্দ্র ঘিরে থাকবে পাঁচস্তরের নিরাপত্তা
এ বিভাগে এক হাজার ৭৬৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রাজশাহী বিভাগীয় প্রশাসন।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশীদ বলেন, নির্বাচন ও গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
কোনও ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতার অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে সতর্ক করেছেন তিনি।
বিভাগীয় কমিশনার বলেন, রাজশাহী বিভাগে রয়েছে আটটি জেলা, ৬৭টি উপজেলা, একটি সিটি করপোরেশন, ৬২টি পৌরসভা ও ৫৬৫টি ইউনিয়ন। প্রায় ১৮ হাজার ১৫৪ বর্গকিলোমিটার এলাকায় বসবাস করেন আনুমানিক দুই কোটি তিন লাখ মানুষ।
এ বিভাগে মোট ভোটার সংখ্যা এক কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন। ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে পাঁচ হাজার ২৮৭টি। এর মধ্যে এক হাজার ৭৬৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচন ও গণভোট উপলক্ষে বিভাগে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় মোট এক লাখ চার হাজার ৬৬ জন সদস্য মোতায়েন করা হচ্ছে।
এর মধ্যে সেনাবাহিনীর ১০ হাজার সদস্য, বিজিবির চার হাজার ১২৩ জন, রাজশাহী রেঞ্জ পুলিশের ১৩ হাজার ৭৯৬ জন, রাজশাহী মহানগর পুলিশের দুই হাজার ৪০৫ জন, র্যাবের এক হাজার ছয়জন এবং আনসারের ৭২ হাজার ৭৩৬ সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি আসনে গড়ে দুই হাজার ৬৬৮ সদস্য নিয়োজিত থাকবেন।
এ ছাড়া পাঁচ হাজার ২৬৬টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং দুই হাজার ৩১৮টি বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।
বিভাগীয় কমিশনার বজলুর রশীদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী ৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
একই সময়ে রাজশাহী রেঞ্জ পুলিশ ৭৪টি আগ্নেয়াস্ত্র ও ৪৩৩টি দেশি অস্ত্র উদ্ধার করে। পাশাপাশি বৈধ অস্ত্র জমা পড়েছে চার হাজার ৫৯৪টি। নির্বাচনকালীন সময়ে গোয়েন্দা নজরদারি, টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
এ ছাড়া বিভাগীয় পর্যায়ে একটি কোর কমিটি সক্রিয় রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জয়েন্ট অপারেশন সেল চালু করা হয়; যা ভোট-পরবর্তী সময় পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি মিডিয়া সেলের মাধ্যমে নিয়মিত হালনাগাদ তথ্য প্রচার করা হচ্ছে।
এদিন বেলা ১১টা থেকে রাজশাহীর কেন্দ্র কেন্দ্র পাঠানো হয় নির্বাচনি সামগ্রী। নয়টি উপজেলা সদর ও সিটি করপোরেশন এলাকায় মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়।
অপরদিকে রাজশাহীর ছয়টি আসনে ভোটকেন্দ্র রয়েছে ৭৭৮টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ৪৯০টি। নির্বাচন শান্তিপূর্ণ করতে কাজ করবে ১৬ হাজার ১১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
এর মধ্যে পুলিশ তিন হাজার ৯৮২, বিজিবি ৭৬০, র্যাব ১৪৭, সেনাবাহিনী এক হাজার ১১০ ও আনসার সদস্য দশ হাজার ১১৪ জন। এ ছাড়া থাকছেন ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটার সংখ্যা ২২ লাখ ৯১ হাজার ২০১ জন। আর প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন প্রার্থী।
