নির্বাচন: নারায়ণগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি, সব উপজেলায় ক্যাম্প
জালকুড়ি এলাকায় বিজিবি স্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত এ সশস্ত্র বাহিনী জেলার পাঁচটি উপজেলাতেই ক্যাম্প স্থাপন করেছে।
শুক্রবার দুপুরে জালকুড়ি এলাকায় বিজিবি স্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত।
নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর এবং ঢাকা জেলার একাংশের ১৭টি উপজেলায় বিজিবি সদস্যরা নির্বাচনি দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
বিজিবি কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের আওতায় ১৩টি সংসদীয় আসনের মোট এক হাজার ৯২১টি ভোটকেন্দ্রে নির্বাচনি কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১১টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এবং এরই মধ্যে প্রায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
“নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের পাশাপাশি ঢাকা সেক্টরের আওতায় নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের সৈনিকদের নিয়মিত নির্বাচনি মহড়া এবং সরঞ্জামাদির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”
এ ছাড়া ড্রোনের মাধ্যমে নির্বাচনি এলাকায় নজরদারি রাখা হবে বলেও জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, “কেন্দ্র ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এবং উপজেলার পার্থক্য অনুযায়ী দুই থেকে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।”
এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় ‘কুইক রেস্পন্স ফোর্স’ প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
