১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নারী নিয়ে জামায়াত আমিরের মন্তব্যে’ রাবি ছাত্রদলের বিক্ষোভ

পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 07:12 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

‘নারী নিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের মন্তব্যের’ প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের পাশে সমাবেশে এই প্রতিবাদ জানায় সংগঠনটি। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। 

মিছিলে ‘ক্ষমতার লোভে অন্ধ, জামায়াত-শিবির ভণ্ড’, ‘শফিক তুই ক্ষমা চা, নারীরা নয় পতিতা’, ‘মা-বোনদের অপমান, সইবে না রে রাবিয়ান’, ‘জান্নাতের ঠিকাদারি, জামায়াত-শিবিরের বাটপারি’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “এই ভাষার মাসে মুনাফিক শফিকুর যে ভাষায় নারীদের অপমান করেছে, তার প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। কী ভাষায় প্রতিবাদ করলে এই ভণ্ড মুনাফিক, ধর্মব্যবসায়ীরা আমাদের মা-বোনদের সম্মান করবে আমরা জানি না। জামায়াতের এই ভণ্ডরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে, এরা অনলাইন প্লাটফর্মের শিবিরের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে মা-বোনদের হেনস্তা করেই যাচ্ছে। 

“যেই নারীদের আল্লাহ এবং তার রাসুল (সাঃ) সর্বোচ্চ সম্মান দিয়েছে, নারীদের পেটে আমাদের জন্ম, জন্মের পর শিশুদের নারীরা আমাদের নৈতিকতার শিক্ষা দেয়, যেই নারীদের রক্ত ঘাম করা পরিশ্রমে দেশের অর্থনীতি টিকে আছে, তাদেরকেই এই মুনাফিকরা আজ ‘বেশ্যা’ বলে অসম্মান করছে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, “৭৪-এ মুজিব দিয়েছিল দুর্ভিক্ষ আর ৭১-এ গোলাম আজম দিয়েছিল লাশ। যেই গোষ্ঠীটি ৭১-এ আমাদের মা-বোনদের ধর্ষণ করেছিল, ২৪ পরবর্তী সময়ে এসেও সেই গোষ্ঠীটি তাদের পুরাতন অভ্যাস পরিবর্তন করতে পারেনি। 

“গতকাল জামায়াতের আমির সামাজিক মাধ্যমে এক্স-এ যেই কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা শুধু আট কোটি নারীদেরই অপমান করেনি, বরং তাদের একাত্তরের মা-বোনদের ইজ্জত লুণ্ঠনের যে ক্ষোভ তারই বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা এই নিচ রুচির মানুষটির করা মন্তব্যের প্রতিবাদেই আজ এখানে একত্রিত হয়েছি।”