২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ‘বিদ্রোহে’ বেকায়দায় বিএনপি, সুবিধায় জামায়াত

২০০১ সালের নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে দুইটি আসনে জয় পেয়েছিল জামায়াত।

পাবনায় ‘বিদ্রোহে’ বেকায়দায় বিএনপি, সুবিধায় জামায়াত
পাবনার পাঁচটি আসনে নির্বাচনি প্রচার জমে ওঠেছে। এর মধ্যে একটি আসনে এক প্রার্থীর নির্বাচনি প্রচার।

সৈকত আফরোজ আসাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 11:34 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনে বিএনপির অভ্যন্তরীণ বিরোধে সুবিধাজনক অবস্থা তৈরি হয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থীদের সামনে। 

বিএনপি প্রার্থী ঘোষণার পর একাধিক আসনে দলটির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ প্রকাশ পায়। কোথাও কোথাও প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনও হয়। তবে নির্বাচনের সময় ঘনিয়ে এলেও এসব বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি।

বিএনপির দলীয় কোন্দলের সুযোগে মাঠে এগিয়ে যাচ্ছেন জামায়াত প্রার্থী। 

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছিল। ওই নির্বাচনে দুইটি আসনে জয় পেয়েছিল জামায়াতের প্রার্থীরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিএনপির ভেতরের দ্বন্দ্ব নির্বাচনি মাঠে সরাসরি প্রভাব ফেলবে। ফলে বিগত কয়েক দশক ধরে আওয়ামী লীগ ও বিএনপির দ্বিমুখী লড়াইয়ের যে চিরচেনা চিত্র, তা এবার বদলে রাজনীতিতে নতুন এক সমীকরণের সৃষ্টি হবে। 

মাঠপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা গ্রেপ্তার ও মামলার কারণে কার্যত বিচ্ছিন্ন। এর প্রভাব সাধারণ ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে। বিশেষ করে অনেক ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া নিয়ে সংশয় ও উদ্বেগের মধ্যে রয়েছেন। অনেকেরই ধারণা, এ পরিস্থিতিতে ভোটকেন্দ্রে উপস্থিতি কমে যেতে পারে।

এই সুযোগ কাজে লাগিয়ে সংগঠিত ও পরিকল্পিত প্রচারে বিএনপিকে চাপে রাখতে চাইছে জামায়াতে ইসলামী। জেলার পাঁচটি আসনেই জামায়াতের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার চালাচ্ছেন। বিপরীতে বিএনপির প্রার্থীরা নিজেদের দলীয় কোন্দল, অসন্তুষ্ট নেতাকর্মী এবং ‘বিদ্রোহী’ প্রার্থীদের সামল দিতেই সময় পার করছেন। 

পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি প্রচার। 

পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি প্রচার।

পাবনা-১: জামায়াতের শক্ত অবস্থান

এই আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান অত্যন্ত পরিকল্পিতভাবে প্রচারের মাধ্যমে এরই মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন। এখান থেকে ১৯৯১ ও ২০০১ সালে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী জয়ী হয়েছিলেন।

বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় তাদের ভোটাররা অভিভাবকহীন। বিএনপির প্রার্থী শামসুর রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকলেও দলের অভ্যন্তরীণ কোন্দল ও স্থানীয় নেতাকর্মীদের একাংশের অসহযোগিতা তাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। অপরদিকে জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। যা বিএনপির প্রার্থীকে কিছুটা কোণঠাসা করে ফেলছে। 

আসনটিতে প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও লড়ছেন ইসলামী আন্দোলনের মো. আব্দুল গণি। 

তবে বিএনপির আশার আলো স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়েছেন। তিনি বিএনপি প্রার্থীর হয়ে মাঠে ভোট প্রার্থনাও করছেন। 

এদিকে ভোটাররা বলছেন, এবার ভোটার উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। কারণ ভোটারদের একটি অংশ আওয়ামী লীগের কর্মী-সমর্থক। তারা ভোটকেন্দ্রে না যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে এখানে ভোটের মূল লড়াইটা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। 

যদিও বিএনপির শামসুর রহমান ও জামায়াতের নাজিবুর রহমান দুজনে জয়ের ব্যাপারে আশাবাদী।

পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু তালেব মণ্ডলের নির্বাচনি প্রচার ও গণসংযোগ। 

পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু তালেব মণ্ডলের নির্বাচনি প্রচার ও গণসংযোগ।

পাবনা-২: দ্বিমুখী লড়াইয়ের আভাস

এই আসনে মূল লড়াই হবে বিএনপির এ কে এম সেলিম রেজা হাবিব এবং জামায়াতের মো. হেসাব উদ্দিনের মধ্যে। সুজানগর ও বেড়ার এই জনপদে আওয়ামী লীগের বিশাল সমর্থক গোষ্ঠী থাকলেও তারা এখন মাঠছাড়া। 

বিএনপির প্রার্থী সেলিম রেজার দলীয় ভিত্তি শক্ত হলেও জামায়াত প্রার্থী হেসাব উদ্দিনের ব্যক্তিগত জনপ্রিয়তা ও কর্মীদের সুশৃঙ্খল প্রচারের কারণে এগিয়ে রয়েছেন। 

এখানে জাতীয় পার্টির মেহেদী হাসান রুবেল এবং গণফোরামের সেখ নাছির উদ্দিনও মাঠে রয়েছেন। 

তবে আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে না আসলে বা তারা যদি নীরবে জামায়াতকে সমর্থন দেন ভোটের হিসাব পাল্টে যেতে পারে। 

ফলে এখানে জামায়াত, বিএনপি উভয় দলের নেতাকর্মীরা ভোটারদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রমুখী করার চেষ্টা করছেন। 

এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী রবিউল হাসান রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মওলানা আফজাল হোসেন এবং গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল প্রচার চালিয়ে যাচ্ছেন। 

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই পাবনা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা ও উত্তাপ বাড়ছে। প্রার্থী, কর্মী-সমর্থকরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত জনসংযোগ, সভা-সমাবেশ ও মিছিল চালিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এতে করে নির্বাচনি মাঠে উত্তাপ ও প্রতিদ্বন্দ্বিতা দিন দিন বাড়ছে। শেষ পর্যন্ত ভোটের রায় কার পক্ষে যাবে, সেদিকেই এখন তাকিয়ে আছেন এ এলাকার সাধারণ ভোটাররা।

পাবনা-২ আসনটি ছিল সুজানগর উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন এবং বেড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে। তবে সর্বশেষ পুনর্বিন্যাসে এখন পুরো সুজানগর উপজেলা ও বেড়া উপজেলা নিয়ে গঠিত হয়েছে এই সংসদীয় আসন।

পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনের নির্বাচনি প্রচার। 

পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনের নির্বাচনি প্রচার।

পাবনা-৩: বিএনপির ‘বিদ্রোহে নির্ভার’ জামায়াত

চলনবিল অধ্যুষিত পাবনা-৩ আসনটি বর্তমানে জেলার সবচেয়ে আলোচিত আসন। এখানে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ চরম রূপ নিয়েছে। 

বিএনপির প্রার্থী কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিনকে বহিরাগত আখ্যা দিয়ে কোণঠাসা করে রেখেছেন দলের স্থানীয় নেতাকর্মীরা। একাধিকবার তাদের বিরোধিতার মুখে পড়েছেন দলীয় এ প্রার্থী। 

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম মাঠে থাকায় ধানের শীষের ভোট দুই ভাগে ভাগ হবে। এই সুযোগ পুরোপুরি কাজে লাগানোর আপ্রাণ চেষ্টায় জামায়াতের প্রার্থী মোহাম্মদ আলী আছগার। তিনি নীরবে প্রতিটি পাড়া-মহল্লায় নিজের অবস্থান মজবুত করার জন্য উঠেপড়ে লেগেছেন। 

আওয়ামী লীগের নেতাকর্মীরা কারাগার ও এলাকা ছাড়া থাকায় তাদের সমর্থকরা কোনো প্রার্থীর প্রতি আস্থা রাখতে পারছেন না। 

এ ছাড়া গণঅধিকার পরিষদের মো. হাসানুল ইসলাম রাজা ও ইসলামী আন্দোলনের মো. আব্দুল খালেক নিজস্ব বলয়ে প্রচার চালাচ্ছেন। তবে বিএনপির বিদ্রোহী থাকায় ‘নির্ভার’ জামায়াত।

তবে ভোটারদের দাবি, এ আসনে বিএনপি, স্বতন্ত্র ও জামায়াতের মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের নির্বাচনি প্রচার ও গণসংযোগ। 

পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের নির্বাচনি প্রচার ও গণসংযোগ।

পাবনা-৪: ‘বিদ্রোহে’ জটিল বিএনপির ভোট

এই আসনে জামায়াতের মাওলানা আবু তালেব মণ্ডল এবং বিএনপির হাবিবুর রহমান হাবিবের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। দীর্ঘদিন এ আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও বর্তমানে দলটির কোনো কার্যক্রম নেই প্রকাশ্যে। জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডল স্থানীয় রেলওয়ে শ্রমিক ও কৃষিভিত্তিক জনপদে ব্যাপক গণসংযোগ করছেন। 

অপরদিকে হাবিবুর রহমান হাবিব তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় ভর করে মাঠ গোছানোর চেষ্টা করছেন। তবে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু এবং নাগরিক ঐক্যের শাহনাজ হকের উপস্থিতি ভোটের সমীকরণ জটিল করে তুলেছে। 

আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড় এবং ভোটারদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক নিরসন না হলে ভোটের হার অনেক কমবে বলে ভোটারদের আশঙ্কা। 

পাবনা-৫ আসনে বিএনপির প্রার্থী শামছুর রহমান শিমুল বিশ্বাসের গণসংযোগ।

পাবনা-৫ আসনে বিএনপির প্রার্থী শামছুর রহমান শিমুল বিশ্বাসের গণসংযোগ।

পাবনা-৫: বিএনপি-জামায়াত লড়াই 

সদর আসনে জামায়াতের মাওলানা ইকবাল হোসাইন এবং বিএনপির শামছুর রহমান শিমুল বিশ্বাসের মধ্যে লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। অতীতে জামায়াত নেতা মাওলানা আব্দুস সোবহান এ আসনে একাধিকবার সংসদ সদস্য হওয়ায় দলটির বিশাল ‘ভোট ব্যাংক’ রয়েছে বলে দাবি জামায়াতের। 

আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের গ্রেপ্তারের পর সদর এলাকায় আওয়ামী লীগের সমর্থকরা পুরোপুরি আড়ালে রয়েছেন। বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস দলের কেন্দ্রীয় নেতা হওয়া সত্ত্বেও স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার কৌশল তাকে চাপে ফেলেছে। 

এ ছাড়া ইসলামী আন্দোলনের নাজমুল হোসাইন এবং এ বি পার্টির মো. আব্দুল মজীদ মোল্লা নির্দিষ্ট কিছু ভোট টানতে পারেন। তবে শিমুল বিশ্বাস ব্যক্তি ইমেজ ও দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের জন্য কিছুটা এগিয়ে রয়েছেন।

পাবনা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ইকবাল হোসাইনের নির্বাচনি প্রচার। 

পাবনা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ইকবাল হোসাইনের নির্বাচনি প্রচার।

নেতারা যা বলছেন

পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল গাফফার খান বলেন, “সারা দেশের মত পাবনার পাঁচটি আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আর চেইন অব কমান্ড না থাকার কারণ আর আমাদের সুসংগঠিত দলের কারণেই আমরা পাঁচটি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী। আমাদের গণজোয়ার দেখে বিএনপি নেতাকর্মীদের মাথা খারাপ হয়ে গেছে। তারা বিভিন্ন স্থানে আমাদের উপর হামলা এবং প্রচারে বাধা সৃষ্টি করে আসছে। বিশেষ করে নারী প্রচারকারীদের বাধা দিচ্ছেন। কিছু কিছু স্থানে নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করে অগ্নিসংযোগ করছে।”

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচনি প্রচার কমিটির সদস্য আনিসুল হক বাবু বলেন, “পাবনার পাঁচটি আসনের মধ্যে দুটিতে বিদ্রোহী প্রার্থী আছেন। দিন যতই ঘনিয়ে আসছে মূল বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর সঙ্গে এসে কাজ শুরু করছেন। 

“পাঁচটি আসনেই জামায়াত প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করব বলে আশা করছি। কেননা, আমাদের নেতাকর্মীরা এবার ভিন্ন ভিন্ন কৌশলে নির্বাচনি প্রচার চালাচ্ছেন। এবার সারাদেশেই বিএনপির জনজোয়ারের সৃষ্টি হয়েছে, ফলে আমরা জয়ী হব বলে বিশ্বাস করি।”