Published : 22 Jan 2026, 07:58 PM
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতে ইসলামীর কর্মীদের প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বড়হর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে উল্লাপাড়া থানার ওসি রুপু কর জানান।
তিনি বলেন, “জামায়াতের নারী কর্মীরা তেঁতুলিয়া গ্রামে ভোট প্রার্থনার জন্য গিয়েছিলেন। একপর্যায়ে তারা এক বিএনপি সমর্থকের বাড়িতে গিয়ে নারীদের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও তর্কবিতর্ক হয়।
“সংবাদ পেয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মোটরসাইকেল ও প্রাইভেট কারে করে সেখানে যাচ্ছিলেন। পথে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার ভাঙচুর করেছে।”
ওসি বলেন, “সংবাদ পেয়ে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত নির্বাহী হাকিম ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। উভয় দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।”
এ বিষয়ে জামায়াতে ইসলামী ও বিএনপির বক্তব্য জানার চেষ্টা হচ্ছে।