তারেক রহমানকে বরণে প্রস্তুত হচ্ছে খুলনা বিএনপি
সোমবার সকাল ১০টায় নগরের খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে এই জনসমাবেশ হবে।
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে খুলনার মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে জেলা ও নগরজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আবেগ, উদ্দীপনা ও প্রত্যাশা।
নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন বলেন, সর্বশেষ ২০০৪ সালে খুলনায় এসেছিলেন তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে একটি নির্বাচনি জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে আবার তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
“দীর্ঘ দুই দশক পর খুলনার মাটিতে এটি হতে যাচ্ছে তারেক রহমানের সরাসরি রাজনৈতিক কর্মসূচি।”
বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, সোমবার সকাল ১০টায় নগরের খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে শুক্রবার রাতে খুলনা বিএনপির শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, দলের তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের আলি আসগর লবি উপস্থিত ছিলেন।
বকুল বলেন, খুলনা মহানগর, জেলা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই সমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনি সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া ব্যবস্থাপনাসহ ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে নগরী ও জেলায় মাইকিংসহ প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, “তারেক রহমানের খুলনা আগমন কেবল একটি নির্বাচনি কর্মসূচি নয়, এটি নেতাকর্মীদের সাহস ও মনোবল ফিরিয়ে আনার মুহূর্ত। ২২ বছর পর প্রিয় নেতাকে নিজ শহরে দেখতে পাওয়া আমাদের জন্য আবেগ ও গর্বের।”
তিনি বলেন, “খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি। নির্বাচনের প্রাক্কালে এই সফর দলের সাংগঠনিক শক্তি প্রদর্শন ও ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এদিকে জনসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
