জামায়াত আমিরের ‘ইতিহাস বিকৃতি’, নিন্দা জাবির শিক্ষক ফোরামের
বিবৃতিতে বলা হয়, এসব বক্তব্যের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে।
স্বাধীনতার ‘ইতিহাস বিকৃতি’ এবং কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের ‘অবমাননাকর’ মন্তব্যের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
মঙ্গলবার সংগঠনটির সভাপতি অধ্যাপক মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
এতে বলা হয়, সোমবার চট্টগ্রাম নগরীর বন্দর কলেজ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস নিয়ে ‘বিভ্রান্তিকর ও বিতর্কিত’ বক্তব্য দিয়েছেন।
“তিনি (শফিকুর) দাবি করেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নয়, বরং এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ দিয়েছিলেন।”
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এ বক্তব্যকে ‘ঐতিহাসিক সত্যের বিকৃতি’ বলে মনে করে। বলা হয়, এটি জাতির ইতিহাস চেতনাকে বিভ্রান্ত করার অপচেষ্টা।
বিবৃতিতে সংগঠনটি বলে, ১৯৭১ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও তার আহ্বান মুক্তিযুদ্ধে অংশ নিতে দেশবাসীকে অনুপ্রাণিত করেছিল। তারা তাকে বীর মুক্তিযোদ্ধা ও পরবর্তী সময়ে রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে।
সংগঠনটির দাবি, কর্মজীবী নারীদের নিয়ে সাম্প্রতিক সমালোচনার প্রেক্ষাপটে জনদৃষ্টি ভিন্ন খাতে নিতে এ ধরনের বিতর্ক তৈরি করা হয়েছে।
তারা অভিযোগ করেন, নারীদের নিয়ে ‘অবমাননাকর মন্তব্য’ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলা ‘নিন্দনীয়’।
বিবৃতিতে আরও বলা হয়, এসব বক্তব্যের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে।
