২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর চট্টগ্রামের ৭ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

বিএনপি তাদের ‘হারানো সাম্রাজ্য’ ফিরে পেতে সচেষ্ট। অন্যদিকে জামায়াত নেতাদের দাবি, ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যেতে পারলে বেশিরভাগ আসনে দাঁড়িপাল্লা জয়ী হবে।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 12:12 AM

Updated : 26 Aug 2026, 02:55 PM

উত্তর চট্টগ্রামের সাতটি সংসদীয় আসনের প্রায় সবগুলোতে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।

বিএনপির প্রার্থী ও জ্যেষ্ঠ নেতারা বলছেন, উত্তরের সবগুলো আসনে অতীতের মত এবারও ধানের শীষের প্রার্থী জয়ী হবে বলে তারা ‘শতভাগ’ আশাবাদী।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতারাও জয়ের ব্যাপারে আশাবাদের কথা বলছেন। তবে ভোটের দিন উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে কি না, সেই শঙ্কাও আসছে তাদের কথায়। 

চট্টগ্রাম জেলার সাগরবক্ষের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপ এবং কর্ণফুলী নদীর উত্তর পাড়ের ছয়টি উপজেলা; এই সাত উপজেলা মূলত ‘উত্তর চট্টগ্রাম’ হিসেবে পরিচিত।

উত্তরের এসব উপজেলায় অতীতে বিএনপির দাপট ছিল। মাঝে আওয়ামী লীগের ১৭ বছরে হওয়া নির্বাচনগুলোতে বিএনপির প্রভাব কমে যায়।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর হতে যাওয়া ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আবার নিজেদের হারানো সাম্রাজ্য ফিরে পেতে সচেষ্ট বিএনপি।

বিপরীতে অতীতে দক্ষিণ চট্টগ্রামে ভালো অবস্থানে থাকা জামায়াতে ইসলামী এবার নজর দিয়েছে উত্তরের আসনগুলোতে। তাদের দাবি, ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যেতে পারলে বেশিরভাগ আসনে দাঁড়িপাল্লা জয়ী হবে।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী

মীরসরাই ও সন্দ্বীপের পরিবেশ ‘শান্তিপূর্ণ’

চট্টগ্রামের প্রবেশপথ খ্যাত মীরসরাই উপজেলা নিয়ে চট্টগ্রাম-১ আসনে এবার ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন।

এই আসনে বিএনপির প্রার্থী উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী শুরুতে দলের মনোনয়ন প্রত্যাশী থাকলেও এখন দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করছেন।

এই আসনের করেরহাট ইউনিয়নের বাসিন্দা সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মীরসরাইতে সবসময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক বেশি। এবার ভোটে আওয়ামী লীগ নেই। তাই বিএনপির সম্ভাবনা বেড়েছে। ভোটের পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে।”

এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের আসনে প্রার্থীদের মধ্যে সহাবস্থান থাকায় এখন পর্যন্ত কোন বড় ধরণের সমস্যা হয়নি। আশাকরি বাকি সময়েও তেমন কোন সমস্যা হবে না।

“প্রত্যন্ত এলাকায় কিছু কিছু ভোটারকে কেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হচ্ছে। এসব বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি। এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ আছে। ভোটের দিন কেমন হয় সেটাই দেখার। ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কেমন আচরণ করবে তার উপর অনেক কিছু নির্ভর করছে।”

মীরসরাইয়ের বাসিন্দা এক সংবাদ কর্মী বলেন, এবার এখানে আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘুদের ভোটই ফ্যাক্টর হবে। তারা যেদিকে ভোট দেবে সেই প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা এবার বিএনপির প্রার্থী। তার সাথে লড়াইয়ের আভাস মিলছে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন শিকদারের। তিনি উত্তর জেলা জামায়াতের আমীর পদে আছে।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী

দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের দাবি নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা; যা ৫৫ বছরেও হয়নি। এবারও ভোটে মূল দাবি সেটাই।

সন্দ্বীপের বাসিন্দা বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনপিএস এর ব্যবস্থাপক শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোট দিতে সারাদেশ থেকে ভোটাররা দ্বীপে ফিরছেন। দ্বীপবাসীর মূল চাওয়া নিরাপদ নৌ যাতায়ত। এখন ফেরি আর সি ট্রাক চালু হলেও ঘাটে ওঠানামা খুবই কষ্টকর। বিশেষ করে বর্ষায় ভোগান্তি চরমে। এছাড়া মাতৃ স্বাস্থ্যসেবার মান ভালো নয়। দ্বীপের মানুষ এসবই চায়।”

এই আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এখানে সবকিছু ঠিকঠাক আছে। প্রচারের সময়েও কোনো সমস্যা হয়নি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে যেহেতু আইসোলেটেড এলাকা, তাই সর্তক থাকতে হবে। ভোটারদের কাছ থেকেও এখনো ভয়ভীতি দেখানো হচ্ছে বলে কোন অভিযোগ পাইনি।”

জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন শিকদার বলেন, “কিছু স্থানে অমুসলিম ও নারী ভোটারদের কেন্দ্রে যেতে হবে না এমন ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রশাসনের সাথে সভায় এসব বিষয়ে জানিয়েছি। দেখি উপজেলা নির্বাহী কর্মমকর্তা কি ব্যবস্থা নেন।

“প্রশাসনের পদক্ষেপের উপর ভোট সুষ্ঠু হবে কিনা সেটা নির্ভর করে। ভোটাররা দ্বীপে ফিরেছে। ভোটের উৎসব যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেটাই চাওয়া।”

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা

আদালতের আদেশ নিয়ে ২ আসনে বিএনপির প্রার্থী

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) এই দুই আসনে বিএনপির প্রার্থীর বিষয়ে আদালতের নির্দেশনা হল, তারা ভোটে লড়তে পারবেন, তবে তাদের প্রার্থিতা বিষয়ে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফলের গেজেট হবে না।

দুটি আসনেই প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিল।

এরপর থেকে ওই দুই আসনেই ভোটের আলোচনা ছাপিয়ে মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে প্রার্থিতা। তবে প্রচারের দিন যত গড়াতে থাকে, ততই জমে ওঠে ভোটের আমেজ। গ্রাম-গঞ্জ মুখর হয়ে ওঠে প্রার্থীদের প্রচারে।  

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্চ আদালতের আদেশ নিয়ে ভোটারদের মধ্যে কোনো বিভ্রান্তি নেই। এখানে পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো আছে। ভোটাররা ভোট উৎসবের অপেক্ষায়।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের ভূমিকা নিয়েও সন্তোষ প্রকাশ করেন আসলাম চৌধুরী।

বিপরীতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী বলেন, “কোনো ধরনের সংঘাত ইতোপূর্বে না হলেও আমরা শঙ্কামুক্ত নই। যেহেতু আগে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ভোটারদের মধ্যে তাই একটা আতঙ্ক আছে যে কেন্দ্র দখল হয়ে যেতে পারে।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আলা উদ্দিন শিকদার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আলা উদ্দিন শিকদার

“পুলিশ ঠিক থাকলেও ইউএনওর মধ্যে ওয়ান সাইডেড কিছু ভূমিকা দেখা যাচ্ছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। আশা করি তিনি নিরপেক্ষ আচরণ করবেন। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।”

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিষয়েও আদালতের একই রকম আদেশ থাকায় শুরুতে প্রচার ছিল কম। তবে শেষ সপ্তাহে এসে প্রচার তুঙ্গে ওঠে।

এই আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমীগর জয়ের ব্যপারে আশাবাদী। তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন।

ফটিকছড়ি আসনে মাইজভাণ্ডার দরবার শরীফের অবস্থান হওয়ায় এখনো দরবারের অনুসারীদের ভোট একটি ‘ফ্যাক্টর’। এখানে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি একতারা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

পাশাপাশি বেশ কয়েকটি কওমী মাদ্রাসা থাকায় হেফাজত নেতৃত্বকে নিজেদের দিকে টানতে চাইছেন প্রার্থীরা।

সবশেষ গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাজীরহাট বড় মাদ্রাসার এক অনুষ্ঠানে বিএনপির প্রার্থী সারোয়ার আলমীগরকে ভোট দেওয়ার আহ্বান জানান হেফাজতে ইসলামীর আমির মুহিবুল্লাহ বাবুনগরী।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী

হাটহাজারীতে ‘নির্ভার’ মীর হেলাল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এই আসনে জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ বেশ কয়েকবার নির্বাচিত হয়েছিলেন অতীতে। এবার তিনি প্রার্থী নন। এখানে জামায়াতে ইসলামীও প্রার্থী দেয়নি। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীন লড়ছেন রিকশা প্রতীক নিয়ে।

তাই অনেকটাই নির্ভার বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের আসনে শুরু থেকে উৎসবমুখর পরিবেশে প্রচার হয়েছে। এমনকি আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনাও ঘটেনি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ অবস্থানে আছে। আশা করি উৎসবমুখর পরিবেশে ভোট হবে।”

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম

রাউজান-রাঙ্গুনিয়ায় চৌধুরী পরিবার

চট্টগ্রাম-৬ (রাউজান) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী একাধিকবার সংসদে গেছেন।

এবার চট্টগ্রাম-৬ আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। আর চট্টগ্রাম-৭ আসনে প্রার্থী হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় হুমাম কাদের চৌধুরী।

দুই আসনে চাচা-ভাতিজার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে জামায়াতে ইসলামীর প্রার্থীর।চট্টগ্রাম-৬ আসনে জামায়েতের  প্রার্থী মো. শাহজাহান মঞ্জু এবং চট্টগ্রাম-৭ আসনে ডা. এটিএম রেজাউল করিম।

রাউজানের এক সংবাদকর্মী বলেন, “রাউজানে বিএনপি ভোটের মাঠে ঐক্যবদ্ধ আছে। এছাড়া চৌধুরী পরিবার থেকে এখানে বহুবার এমপি নির্বাচিত হয়েছে। এমনকি আওয়ামী লীগের এমপি ফজলে করিম চৌধুরীও তাদের আত্মীয় ছিলেন। রাউজানে তাই গিয়াস কাদের ‘এগিয়ে’ আছেন।

“রাঙ্গুনিয়াতে হুমাম কাদের চৌধুরী বয়সে নবীন হওয়ায় জামায়াতের প্রার্থী তাকে কিছুটা চ্যালেঞ্জ জানাতে পারেন। তবে সেখানে চৌধুরী পরিবারের বহুদিনের আধিপত্য। সেটা কাটিয়ে ওটা খুব সহজ নয়।”  

চট্টগ্রাম-৬ আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে গিয়াস কাদের মনোনয়ন পাবার পর তিনি তাকেই সমর্থন জানিয়েছেন।

উত্তর চট্টগ্রামের ৭টি আসনে বিএনপির ভোট প্রস্তুতি ও ফল প্রত্যাশা কেমন জানতে চাইলে গোলাম আকবর খন্দকার বলেন, “ভোটাররা সবাই কেন্দ্রে গিয়ে ভোট দিতে মুখিয়ে আছে। মনে হয় না আশঙ্কাজনক কিছু ঘটবে। আমরা উত্তরের সবগুলো আসনে ভালো রেজাল্ট করব আশা করি।”

উত্তর জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আলা উদ্দিন শিকদার বলেন, “সকল আসলে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইনশাল্লাহ সবগুলো আসনে জয়ের ব্যাপারে আশাবাদী।”