Published : 24 Jan 2026, 02:36 PM
দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাইতে আসছে, তারা বাংলাদেশের ‘স্বাধীনতার বিরোধিতা’ করেছিল বলে ভোটারদের মনে করিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সে সময় মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়া এবং তাদের বাড়িঘরে লুটপাট হওয়ার কথাও স্মরণ করিয় দেন তিনি।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে গণসংযোগে বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে ভোট করছেন।
তার আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ খাদেমুল ইসলাম।
গণসংযোগকালে বিএনপি মহাসচিব বলেন, “যে আজ আপনাদের, দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য। ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে। পক্ষে ছিল না বিপক্ষে ছিল? এবং আপনাদের যে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, ওই সময় আপনাদের ঘরবাড়ি লুটতরাজ করা হয়েছে। ঠিক কি না বলেন?”
বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে মির্জা ফখরুল বলেন, “আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনরা যে ভয়টা পান, ওই ভয়টা পাবেন না। এই দেশটা আপনার, এই দেশের মাটিটা আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে, ঠিক তেমনি আপনাদেরও একই অধিকার আছে। এখানে সবাই সমান, একই দেশের মানুষ আপনারা।”
এ সময় তিনি একাত্তরে মুক্তিযুদ্ধে সময় বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা এবং দেশ স্বাধীন করার কথা তুলে ধরেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা আমাদের দেশ ছেড়ে কোথাও যাইনি, কোথাও যাবো না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।”
হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি আছে, এমন আশ্বাস দিয়ে দলের মহাসচিব বলেন, “হিন্দুদের মধ্যে একটা ভয় আছে, ভয়। আতঙ্ক কাজ করে যে আমরা যদি এবার অন্য কাউকে ভোট দিই, ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে? আমাকে অনেকে বলছে যে আমরা ধানের শীষে ভোট দেব, তার বিনিময়ে আপনারা তো থাকবেন না? যদি দাঁড়িপাল্লার লোক যদি আমাদের কিছু করে?”
“আমি আপনাদের পরিস্কার করে বলতে চাই-আমরা ধানের শীষের লোকেরা আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ।”
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “ভোট দিয়ে যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ আইনশৃঙ্খলার কথা বলি, তাদের হাতকে শক্তিশালী করুন।
এসময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও দলের সহযোগী সংগঠনের কয়েকজন নেতাও বক্তব্য দেন।
‘আমেরিকার সঙ্গে জামায়াতের গোপন আঁতাত দেশের জন্য ভালো নয়’
আমেরিকার সঙ্গে জামায়াতে ইসলামীর একটি গোপন আঁতাত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “এই আঁতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়; বরং দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।”
শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে জামায়াত ও আমেরিকার মধ্যে গোপন যোগাযোগের বিষয় উঠে এসেছে।
এই খবরের সত্যতা কী-তা জানতে বিএনপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাইবে।”
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, “বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে এ ধরনের আন্তর্জাতিক আঁতাত কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা মেনে নেবে না।”
এর আগে তিনি একই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
দুপুরে আউলিয়াপুর ইউনিয়নের একাধিক স্থানে নির্বাচনি পথসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল।