২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে শান্তিপূর্ণ ভোট, তবে ভোটার উপস্থিতি কম

কোনো কোনো কেন্দ্রে নারী ভোটারদের ছোট লাইন দেখা গেছে। তবে ভোট দিতে দেরি হয়নি।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 01:35 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা বান্দরবান আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

তবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হওয়ার পর ভোটাদের দীর্ঘ লাইন দেখা যায়নি। কোনো কোনো কেন্দ্রে নারী ভোটারদের ছোট লাইন দেখা গেছে। তবে ভোট দিতে দেরি হয়নি। ভিড় তেমন নেই।

সকাল থেকে শহরে কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা যায়, বিচ্ছিন্নভাবে ভোটাররা আসলেও পুরুষ ও নারী ভোটার কাউকে লাইনে দাঁড়াতে হয়নি। প্রায় সব কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকায় সবাই যার যার কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারছেন।

বান্দরবান শহরে ৫ নম্বর ওয়ার্ডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পুরুষ ও নারী ভোটারের জন্য পাশাপাশি দুইটা লাইন করা আছে। তবে কোনো লাইনে ভোটার উপস্থিতি নেই। ভোটার উপস্থিতি কম হওয়ায় কাউকে সারবেঁধে নির্ধারিত লাইনেও দাঁড়াতে হচ্ছে না। 

এই ভোটকেন্দ্রে মোট আটটি কক্ষে ১৬টি বুথ রয়েছে। প্রতিটি কক্ষে বিএনপির ধানের শীষ এজেন্ট এবং এনসিপির প্রার্থী এজেন্ট রয়েছে। কোনো কোনো কক্ষে জাতীয় পার্টির এজেন্ট রয়েছে।

বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার সত্যজিৎ মজুমদার বলেন, এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩ হাজার ৭৮৪ ভোট। সকালে এক ঘণ্টায় পড়েছে ২১৩টি ভোট।

এদিকে শহরের বাস স্টেশন সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে নারী ভোটারের লাইন রয়েছে। পুরুষ ভোটার লাইন কম। 

এই কেন্দ্রে প্রিসাইডিং অফিসার আবু হাসান মো. নাঈম বলেন, সকাল থেকে বাস স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারের লাইন ছিল। ভোট দেওয়া শেষ হলে আবারও লাইন পড়ে যায়। তার কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩ হাজার ৩১১ ভোটার। তার মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৫০১ ভোট পড়েছে।

একই রকম পরিস্থিতি দেখা গেছে শহরে আরও দুটি ভোটকেন্দ্র- শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বান্দরবান সরকারি কলেজ কেন্দ্রে। গুরুত্বপূর্ণ এই দুটি কেন্দ্রেও সকাল থেকে ভোটারদের কোনো ভিড় দেখা যায়নি। ভোটারদের এসে নির্বিঘ্ন পরিবেশে ভোট দিয়ে চলে যেতে দেখা যায়।

শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসার বলেন, তার কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ হাজার ৫৫৩। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫১টি। গড়ে ১৪ শতাংশ।

বান্দরবান সরকারি কলেজের নারী ভোটার কক্ষের প্রিসাইডিং অফিসার ইয়াহিয়া শেখ বলেন, তার কেন্দ্রে ২ হাজার ৮৭৯ ভোটার রয়েছেন। সকাল ১০টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে ৩৬৮টি।

বান্দরবান সরকারি কলেজের পুরুষ ভোটার কক্ষের প্রিসাইডিং অফিসার পুলুপু মারমা বলেন, এখানকার পুরুষ ভোটার কক্ষে ৩ হাজার ৩৮ ভোটারের মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৫৭৩টি।

জেলার সাত উপজেলায় খবর নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেশি রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরি, জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট আবুল কালাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আবুল কালাম এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সুজা উদ্দিন। 

এক জেলা নিয়ে গঠিত বান্দরবান ৩০০ নম্বর আসনটি। জেলার মোট ভোটার রয়েছে ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। তার মধ্যে পোস্টাল ভোটার ৪ হাজার ৬৯৩ জন। পুরুষ রয়েছে ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৮৩ এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৩৪ জন।

জেলার সাতটি উপজেলা এবং দুটি পৌরসভা মিলে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৮৬টি।

বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল ১০টা পর্যন্ত জেলার মোট ১৪ শতাংশ ভোট পড়েছে।