‘জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক’: সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগ উঠে খাগড়াছড়ির সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানের বিরুদ্ধে।
খাগড়াছড়ির মাটিরাঙায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
আমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নামাজের কথা বলে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগ উঠে সহকারী প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসানের বিরুদ্ধে। অভিযোগের পর জনতার ঘেরাও ও আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
আমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “আমি সেন্টারে কাজ করতেছিলাম। মাহমুদুল হাসান নামাজে গিয়েছিলেন। পরে সেখানে অনিয়মের অভিযোগে মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।”
বুধবার রাতে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এশার নামাজ আদায় করার কথা বলে মসজিদে অবস্থানরত জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেন কীভাবে বেশি ভোট আদায় করা যায়। পরে জনতা তাদেরকে ঘেরাও করলে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য ও ইউএনও এসে সহকারী প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা করে নেয়।”
