২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কী করে তারা বাংলাদেশে স্বপ্ন দেখতে চায়: একাত্তর স্মরণ করে আছিয়া

"ভোট তার জন্যই দিয়েছি। কারণ আমিও এতিম সেও এতিম। আমরা চাই সে আসুক।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 11:07 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

মুক্তিযুদ্ধের সময় আছিয়া সদ্য কিশোরী, সে সময় রাজাকারদের কর্মকাণ্ড এখনো তার স্মৃতিতে স্পষ্ট। 

সেইসব ভয়ঙ্কর স্মৃতি মনে করিয়ে দিয়ে এই নারী বললেন, “তাদের তো লজ্জা করা উচিত। কী করে তারা বাংলাদেশে স্বপ্ন দেখতে চায়।"

ঢাকা-১৫ আসনের পীরেরবাগ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার সময় কথা হচ্ছিল আছিয়ার সঙ্গে।

নিজের সঙ্গে মিলিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, "আমিও এতিম, সেও এতিম।"

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের ‘দেশ চালানোর আইডিয়া' আছে বলেই মনে করছেন বিএনপি সমর্থক আছিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “২০১৪ সালে ভোট দিয়েছিলাম, তারপর থেকে আর ভোট দিতে পারিনি। আজকে দিয়ে গেলাম, খুব সচ্ছলভাবে। মানে পরিবেশটা খুবই ভালো।”

পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন কিনা প্রশ্ন করলে তারেকের মা খালেদা জিয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "আমার পছন্দ একজনই, যে চলে গেছে পৃথিবী ছেড়ে। বলতে চাইছিলাম না, তাও আপনাকে বলে দিলাম।

"ভোট তার জন্যই দিয়েছি। কারণ আমিও এতিম সেও (তারেক) এতিম। আমরা চাই সে আসুক। তার অভিজ্ঞতা আছে। অনেকে নতুন আসলেও তাদের আমার পছন্দ না।"

পছন্দ না হওয়ার কারণ হিসেবে একাত্তরের অভিজ্ঞতার কথা বলেন ৬৭ বছর বয়সী আছিয়।

“আমি যুদ্ধ দেখেছি, রাজাকার দেখেছি। তখন আমার ১২ বছর বয়স। তো আমি দেখছি সবই। স্বাধীনতার যুদ্ধ দেখেছি, আমাদের গ্রামের রাজাকার দেখেছি। বহুত কিছু দেখেছি।” 

আছিয়া জানালেন, এই ভোটকেন্দ্রের পাশেই তার বাসা। আসতে অসুবিধে হয়নি।

"একা একাই আসছি। আমার জীবন একা। আমার একটা মেয়ে, আমার কোনো পরিবার নাই।"