২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ৪টি আসনেই জামায়াত জয়ী, প্রথমবারের মতো নির্বাচিত তিনজন

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 01:48 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার নির্বাচনী লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী।

জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা।

বৃহস্পতিবার মধ্যরাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতার আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জয়ী হয়েছেন জামায়াতের মো. ইজ্জত উল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট।

এ আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ২ লাখ ২৮ হাজার ৪০৪টি এবং 'না' ভোট পড়েছে ১ লাখ ২১ হাজার ২৫৬টি।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) সদর ও দেবহাটা আসনে বিজয়ী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট।

অন্যদিকে বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৮৩ ভোট।

এ আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ২ লাখ ৯২ হাজার ৮২৮টি এবং 'না' ভোট পড়েছে ৮৬ হাজার ৬১৯টি।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে জয় পেয়েছেন জামায়াতের মুহা. রবিউল বাসার। তিনি পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৯ ভোট।

বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট।

এ আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ২ লাখ ৩২ হাজার ৯২৫টি এবং 'না' ভোট ১ লাখ ৪ হাজার ৮৮৩টি।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪৬৬ ভোট।

এ আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৭৪১টি এবং 'না' ভোট ৬০ হাজার ৭৭৯টি।