দল গ্রহণ না করলে শপথ নেব না: স্বতন্ত্র এমপি হান্নান
শনিবার দুপুরে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দল গ্রহণ না করলে শপথ নেবেন না- এমন কথা বলেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এম এ হান্নান।
তিনি বলেছেন, “আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত আমি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করব না। দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি আমার আজীবনের অঙ্গীকার অটুট থাকবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নানান বিষয় নিয়ে শনিবার দুপুরে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হান্নান দীর্ঘদিন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
এম এ হান্নান বিএনপির হারুনুর রশিদকে হারিয়ে সংসদ সদস্য হয়েছেন।
তিনি বলেন, “নির্বাচনের পরপরই ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা জানানোর ইচ্ছা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতা ও হৃদযন্ত্রে রিং বসানোর কারণে তাৎক্ষণিক গণসংযোগ করতে পারেননি বলে সবার কাছে দুঃখ প্রকাশ করছি।”
হান্নান বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি; নির্বাচন করেছি একটি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে।”
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, “পরাজিত পক্ষ নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা ও অপপ্রচারে জড়িয়েছে।”
নবনির্বাচিত সংসদ সদস্য তার সমর্থক নেতাকর্মীদের উদ্দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “কেউ যেন অতি উৎসাহে এমন কোনো কাজ না করেন, যাতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়। আইনভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে আমি জিরো টলারেন্স।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সফিউল আলম বাশার মুকুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, এম এ হান্নানের ছেলে আব্দুল্লাহ ইবনে হান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্যসচিব আবু ইউসুফ শাওন চৌধুরী।
