ভোট দিয়ে প্রার্থী ও ইসির সন্তোষ
“আমরা আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে তার লক্ষ্যের দিকে নিয়ে যাবে।”
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা; নির্বাচন কমিশনও ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা বলেছে।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে।
“আমরা আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে তার লক্ষ্যের দিকে নিয়ে যাবে।”
ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) সংসদীয় আসনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দেন বাড্ডার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে।
তিনি বলেন, “আজকে এদেশের মালিকানা বুঝে নেওয়ার দিন। ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে।
“আপনারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করুন, গণভোটে ‘হ্যাঁ’ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করুন এবং এগারো দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান।”
সকালে খুলনায় নিজ কেন্দ্রে ভোট দেওয়ার পর জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ভোটগ্রহণ মাত্র শুরু হলো। ভোটের পরিবেশ নিয়ে দেশের কোথাও কী ঘটবে এখনই তো কিছু বলা যাচ্ছে না। আমি যে কেন্দ্রে ভোট দিলাম এখানে আমি অনাকাঙ্ক্ষিত কিছু এখনো দেখিনি। ভোট গ্রহণ শেষে আমরা সারাদেশের তথ্য পাওয়ার পর বলতে পারব।”
ভোটের ফল নিয়ে গোলাম পরওয়ার বলেন, “জয় পরাজয় মহান আল্লাহ তায়ালার হাতে। আমাদের দায়িত্ব মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছানো, আমাদের আদর্শ পৌঁছানো। আমরা দীর্ঘদিন ধরে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছেছি। এখন মানুষ নির্ধারণ করবে কে আগামীর বাংলাদেশ চালাতে সক্ষম, জনগণ তাদেরকেই নির্বাচিত করবে।”
হাতপাখার পক্ষে ভোট চেয়ে বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীম বলেন, “আমরা গতকাল দেখেছি বিভিন্ন কেন্দ্রে অনেক অঘটন ঘটেছে। আমরা আজ চাই না, কোনো কেন্দ্রে মারামারি, কাটাকাটি, হানাহানি এসব ঘটুক। ভোটের ফলাফলের আগে ভোট সুষ্ঠু হয়েছে কি না এসব বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।"
রংপুরে ভোট দেওয়ার পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “ভোটের প্রচারের সময় আমাদের নারী কর্মীকে হেনস্তা করা হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের নামে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে। আমাদের একজন কর্মীর মাথা ফাটানো হয়েছে।
“সবমিলিয়ে মনে হচ্ছে, প্রশাসন খুব দুর্বলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই দুর্বলতা সারাদিন চলতে থাকলে, সেক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে, সুষ্ঠু ভোট নিয়ে আশঙ্কার জায়গা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থেকে, সাহসের সাথে সমস্ত প্রতিকূল পরিবেশকে মোকাবিলা করে তারা যেন একটি সুষ্ঠু ভোট আয়োজন করতে পারেন সেজন্য আমরা তাদের আহ্বান জানাই।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের প্রার্থী সালাউদ্দিন আহমদ পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন।
তিনি বলেন, “দেশের মানুষ তাদের অধিকার নিয়ে সচেতন। আমরা অবশ্যই এই যাত্রায় আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারব–যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধারা মুক্তিযদ্ধে শহীদ হয়েছেন, আমাদের সন্তানরা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে। এই প্রত্যাশা আমরা জানি আকাশসম, কিন্তু আমাদের প্রত্যাশা বাস্তবায়নের শুরুটা করতে হবে।
“আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি একটি রাজনৈতিক দল ও তাদের নেতা কর্মীরা অতি উচ্চাভিলাষী হয়ে গেছে, যে কোনোভাবে ক্ষমতায় যেতেই হবে। সেই অভিলাষ পূরণের জন্য তারা অনৈতিক পন্থা অবলম্বন করেছে দেখলাম। এটা খুবই দুঃখজনক।”
সকাল ৮টায় মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
তিনি বলেন, “এখন পর্যন্ত কোন সমস্যা চোখে পড়েনি। তবে বিভিন্ন জায়গায় তাদের সন্দেহজনক কার্যক্রম আমরা সংবাদে দেখেছি। বিষয়গুলো এখন ভালোভাবে আমরা পর্যবেক্ষণ করব। তারপর আমরা আপনাদের জানাব। আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি আমাদের এখানে এখনো পর্যন্ত দেখছি না। আশা করি, সারাদিন এরকম সুষ্ঠুভাবেই চলবে।”
মামুনুল বলেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। কোনো রকম ‘অপ্রীতিকর’ ঘটনা না ঘটলে ভোটের ফলাফল যাই হোক, তিনি মেনে নেবেন।
কুমিল্লার দেবিদ্বারের গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর কুমিল্লা-৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, “ভোটারদের উৎসাহ দেখছি। সকাল থেকেই ভোটার লাইনে, দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিতে পারেনি। বেলা গড়ানোর সাথে সাথে উৎসাহ ধরে রাখবে আশা করি।
“গত দুদিন ধরে দেখেছি, ভোট যেন না দিতে আসে, ভয়ভীতি দেখানোর প্রচেষ্টা ছিল; ভোট যেন সুষ্ঠু না হয় সে চেষ্টা করেছে। বেলা গড়ানোর সাথে সাথে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে যাব আশা করি।”
তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ভোট দিয়ে অভিযোগ করেন, তার কর্মীদের ‘হেনস্তা’ করা হয়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কেন্দ্রে ‘অবৈধভাবে সিল মারার পরিকল্পনা’ করা হয়েছে।
শঙ্কার বিষয়ে রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর কথাও তিনি বলেন।
“আমার একজন কর্মী পাহারায় ছিল রাতে, নোয়াগাঁও ইউনিয়নে বিনা কারণে দুজনকে ধরে নেওয়া হয়েছে। সকালে ডিসি মহোয়দয়কে বলেছি। এখানে আটটি কেন্দ্র খুবই ঝঁকিপূর্ণ, দুপুরের সিল মারার পরিকল্পনা।…জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমার নেতাকর্মীরা প্রশাসনিক হেনস্তা করা হচ্ছে।”
ইসি যা বলছে
ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দন বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। আজকে বাংলাদেশ গণতান্ত্রায়নের ট্রেনে উঠে গেছি ইনশাল্লাহ। আমি ওয়াদা করেছিলাম, ফেস্টিভ মুডে আমরা একটা ইলেকশন জাতিকে উপহার দিব।
“গ্রামেগঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। ভোটাররা অনেকদিনপরে ভোটের যে একটা আমেজ যে সৃষ্টি হয়েছে সবাই যে এখন ভোট দিতে পারবে এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে।“
ঢাকার ভিকারুন নিসা নুন স্কল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আলহামদুল্লিাহ, ইলেকশন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। পর্যাপ্ত স্পেস আছে, কোনো ভিড়ও নেই। প্রথম ঘণ্টায় দেড়শ জন এ কেন্দ্রে ভোট দিয়েছেন। এজেন্টদের সাথে কথা বললাম, তারা সন্তুষ্ট। ভোটারদের ওয়েট করতে হচ্ছে না; আসছেন ভোট দিচ্ছেন চলে যাচ্ছে।”
‘খুব সন্দুরভাবে’ ভোট শেষ হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, “সারাদেশের যে তথ্য পেয়েছি আমরা, অত্যন্ত সুন্দর ভোট হচ্ছে এবং হবে “
আগের দিন টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে কয়েকজনের ধরার পড়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এ নির্বাচন কমিশনার বলেন, “ধরা পড়া ভালো। যদি কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে টাকা ব্যবহার করতে চায় তারা সতর্ক হয়ে গেছে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি ভেবে থাকেন ভোট কিনবেন, সে প্রায়স সফল হবে না। সোশাল মিডিয়ায় কিছু বিষয়ে রয়েছে, ভেরিফাই করে বলা যাবে। যা অভিযোগ স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হয়েছে।”
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, “ভোট দিতে পেরে আমি খুশি। এতো দিনের একটা কষ্টার্জিত ফসলের আজকে সমাপ্তির শুরু। ভোট সাড়ে ৪টা পযন্ত হবে। আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণের কার্যক্রম শুরু করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা। এটা আমাদের প্রায় দেড় বছরের প্রতীক্ষার ফলাফল। সবার প্রতি আহ্বান-আপনারা আসুন, ভোট দিন।”
ঢাকা-১০ আসনে পশ্চিম ধানমণ্ডি ইউসুফ হাই স্কুল কেন্দ্রে ভোট দেন ইসি সচিব।
