১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার

ঢাকায় জনসভার আগের দিন শনিবার আবার উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 04:32 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে প্রচারাভিযান শেষ করে রোববার ঢাকায় জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথসভা শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য দেন।

সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “ঢাকা মহানগরীতে বিএনপির সর্বশেষ নির্বাচিন সমাবেশ হবে ৮ তারিখ।

“নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এই নির্বাচনি জনসভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।”

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হবে। ১০ ফেব্রুয়ারি সকালে শেষ হবে নির্বাচনি প্রচার।

ঢাকায় জনসভার আগের দিন শনিবার আবার উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। সে দিন ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরের বিরামপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।  

এর আগে প্রথম দফায় ২৯ থেকে ৩১ জানুয়ারি উত্তরাঞ্চলে নির্বাচনি সফর করেন তারেক রহমান। ওই সফরে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেন তিনি।

গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনি প্রচারাভিযান চালান বিএনপি চেয়ারম্যান। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রামে পলোগ্রাউন্ড থেকে শুরু করে ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে গাজীপুর ও ঢাকার উত্তরায় নির্বাচনি সমাবেশ করেন তিনি।

গত ২ জানুয়ারি বরিশাল ও ফরিদপুরে নির্বাচনি সমাবেশ করেন তারেক রহমান।

এ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান সারাদেশে ২৪টি নির্বাচনি জনসভা করেছেন। এছাড়া নিজের নির্বাচনি আসনের (ঢাকা-১৭) কড়াইল ও বনানীতে দুটি নির্বাচনি সমাবেশ করেন তারেক রহমান।

বিএনপি নেতা রিজভী বলেন, “আগামী ৮ ফেব্রুয়ারির জনসভা অত্যন্ত সাফল্যমন্ডিত হবে। আজকে যে যৌথসভা হয়েছে সেখানে আমাদের সকল অঙ্গ ও সহেযোগী সংগঠনের নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করেছেন।”

ঢাকার ২০ আসনের দলীয় প্রার্থীরা এই সমাবেশে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিকুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।