Published : 17 Feb 2026, 12:47 PM
তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার বেলা সোয়া ১২টায় মিলনের ব্যক্তিগত সচিব এম এ ফয়েজ এ তথ্য জানান।
তিনি বলেন, “একটু আগে মন্ত্রিপরিষদ সচিব স্যার কল করেছিলেন। স্যার শপথ অনুষ্ঠানে থাকায় আমি কল রিসিভ করেছি।
“তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।”
তারেক রহমানের মন্ত্রিসভায় কারা থাকছেন, সেদিকে এখন সবার নজর। এ নিয়ে ব্যাপক কৌতুহল ও জল্পনার মধ্যে সেই তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রীদের সংখ্যা ৪০ জনের আশপাশে থাকার তথ্য মিলেছে; যাদের নিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে দেশ গড়তে চান তারেক রহমান।
মন্ত্রিসভার সদস্যদের শপথের প্রস্তুতির অংশ হিসেবে পরিবহন পুল থেকে ৩৭টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নতুন মন্ত্রীদের আবাসনের জন্যও সমানসংখ্যক বাসা প্রস্তুত করা হচ্ছে।