শাসক নয়, সেবক হতে চাই: বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কা
“শত বাঁধার মুখে পড়ে কষ্ট হলেও সত্য ও সুন্দরের পথে চলব।”
শাসক বা নিয়ন্ত্রক নয়, সেবক হিসেবে সংসদ সদস্য হতে চাওয়ার কথা ব্যক্ত করেছেন শেরপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
বৃহস্পতিবার বিকালে শেরপুর পৌর পার্কে ধানের শীষের নির্বাচনি জনসভায় তিনি বলেন, “আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, সেবক হিসেবে এমপি হতে চাই এবং আপনাদের সেবা করতে চাই।
“আমরা বিগত ১৭ বছর কষ্ট করে যেভাবে মজলুম হয়েছিলাম, আর কোনো মজলুম থাকবে না ইনশাআল্লাহ। সব জালেম, অত্যাচারী, চাঁদাবাজ ও দখলদারকে প্রতিহত করব ইনশাআল্লাহ। এতে শত বাধার মুখে পড়ে কষ্ট হলেও সত্য ও সুন্দরের পথে চলব।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক পাওয়ার পর নির্বাচনি প্রচারের প্রথম জনসভায় বিএনপি প্রার্থী জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “যারা অপরাধ করবে তারা আমার দলের বা দলের বাইরে অথবা আমার স্বজন, যে কেউ হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্যসচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশ, বিএনপি নেতা সাইফুল ইসলাম এবং আবু রায়হান রুপম বক্তব্য দেন।
জনসভা শুরুর আগে সদর উপজেলার ১৪ ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতারা দলে দলে মিছিল নিয়ে পৌর পার্ক মাঠে জড়ো হন। এ সময় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও উৎসুক জনতা ভিড় করেন।
