বয়স ১০৯, লাঠিতে ভর দিয়ে কেন্দ্রে এসে দিলেন ভোট
বয়সের ভারে ন্যুব্জ ধর্মরাজ এখন আর কানে ভালো শোনেন না। কাছ থাকে নাম জানতে চাইলে অস্পষ্ট স্বরে নিজের নাম বলেন।
লাঠিতে ভর দিয়ে প্রতিবেশীর সঙ্গে কেন্দ্রে এসে ভোট দিলেন চট্টগ্রামের বাঁশখালীর ধর্মরাজ দে; জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তার বয়স এখন ১০৯!
বৃহস্পতিবার সকালে বাঁশখালীর বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে ভোট দেন এই শতবর্ষী বৃদ্ধ।
কেন্দ্রে দায়িত্বরত গ্রাম চৌকিদাররা জানালেন, বাণীগ্রাম ৫ নম্বর ওয়ার্ড মাস্টারপাড়ার বাসিন্দা ধর্মরাজ দে এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি।
বয়সের ভারে ন্যুব্জ ধর্মরাজ এখন আর কানে ভালো শোনেন না। কাছ থাকে নাম জানতে চাইলে অস্পষ্ট স্বরে নিজের নাম বলেন।
তাকে কেন্দ্রে নিয়ে এসেছেন তার প্রতিবেশী পঞ্চাশোর্ধ করুণ দে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, প্রবীণ ধর্মরাজ সম্পর্কে তার দাদু হয়। একসময় দিন মজুরের কাজ করতেন।
“উনার চার ছেলের তিনজনই গত (প্রয়াত) হয়েছেন। স্ত্রীও মারা গেছেন বেশ কয়েক বছর আগে। তবে এখনও তিনি লাঠিতে ভর দিয়ে নিজে চলাচল করতে পারেন।”
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ধর্মরাজের জন্ম ১৯১৭ সালের ২ মে।
