২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়া কলেজ কেন্দ্র: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২০ শতাংশ

বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গ্রামের বাড়ির পাশের কেন্দ্র এটি।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 02:12 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া সরকারি কলেজ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে উপস্থিতি বাড়ছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ জাকারিয়া।

মুহাম্মদ জাকারিয়া বলেন, “কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮০০। দুপুর ১২টা পর্যন্ত ৫৮৬ ভোট পড়েছে। প্রদত্ত ভোটের ২০ শতাংশ পড়েছে । প্রথম দেড় ঘণ্টায় ৯৫ জন ভোট দিয়েছেন; যা ছিল মোট ভোটারের তিন শতাংশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়ছে।”

বিএনপি প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গ্রামের বাড়ির পাশের কেন্দ্র এটি।

টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের বাসিন্দা ও ঢাকা ইসলামী রিসার্চ ইনস্টিটিউটের ইসলামী আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহদী হাসান বলেন, “প্রত্যাশা অনুযায়ী ভোট দিতে পেরেছি। গণভোট ও পছন্দের প্রার্থীকে বিনা বাধায় ভোট দিয়েছি। জীবনের প্রথম ভোট দেওয়ার অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো নয়। তারপরেও ভোট দিতে পেরে ভালো লেগেছে।”

গওহর ডাঙ্গা গ্রামের প্রবীণ ভোটার দেলোয়ারা বেগম (৬২) বলেছেন, “বাবা গণভোট বুঝি না। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। কোনো সমস্যা হয়নি। ভোট গ্রহণের পরিবেশ বেশ ভালো।”

পাটগাতী গ্রামের তরুণ ভোটার কুদরতি বেগম (২০) বলেছেন, “এবারই প্রথম ভোট দিয়েছি। ভোটকেন্দ্রে কোনো প্ররোচনা ছিল না। লাইন ছিল না। নির্বিঘ্নে দ্রুত জীবনের প্রথম ভোট দিতে পেরেছি। এজন্য আমি খুবই উদ্বেলিত।”

প্রিজাইডিং কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়া নিরাপত্তা বিষয়ে বলেন, “ভোটকেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। এখানে পুলিশ আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এ ছাড়া সেনাসদস্য, বিজিবি ও র‌্যাব টহল দিচ্ছে।”