২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিএনপির ‘বিদ্রোহের’ সুযোগ নিতে চায় জামায়াত

জেলার দুটি আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

সিরাজগঞ্জে বিএনপির ‘বিদ্রোহের’ সুযোগ নিতে চায় জামায়াত
সিরাজগঞ্জে বিএনপির একটি নির্বাচনি জনসভার চিত্র।

ইসরাইল হোসেন বাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 11:34 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

আওয়ামী লীগ বিহীন ভোটের মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের চারটিতে বিএনপি প্রার্থীর সঙ্গে জামায়াতে ইসলামী ও তাদের জোটের ‘স্বাভাবিক’ একটি প্রতিদ্বন্দ্বিতা হবে। 

বাকি দুটি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যে সিরাজগঞ্জ-৪ আসনে নিকট অতীতে জামায়াতে ইসলামীর প্রার্থী বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে দ্বিতীয় হয়েছিলেন। এবার তিনি সেখানে তুমুল লড়াই গড়ে তুলেছেন।  

আর সিরাজগঞ্জ-৫ আসনে আগে থেকেই জামায়াতের একটি ‘ভোট-ব্যাংক’ রয়েছে। সেখানে জামায়াত একজন সাবেক জনপ্রতিনিধিকে প্রার্থী করেছে; যিনি ভোটের মাঠে বিএনপিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। 

এ দুটি আসনেই জামায়াতের বাড়তি সুবিধা হচ্ছে, বিএনপির ‘বিদ্রোহ’। সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থীর বিরোধিতাকারীরা এখনও ধানের শীষের পক্ষে ভোটের মাঠে নামেনি। 

আর সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপির সাবেক এক সংসদ সদস্য দল ছেড়ে গিয়ে এনসিপিতে ভিড়েছিলেন। প্রার্থীও হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত জোটের স্বার্থে জামায়াতে ইসলামী প্রার্থী হলে বিএনপির সাবেক নেতা তাকে নিয়েই ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।       

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা নির্বাচনি প্রচার চালাচ্ছেন।

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা নির্বাচনি প্রচার চালাচ্ছেন।

সিরাজগঞ্জ-১ আসনকে বিএনপির জন্য অনেকে শঙ্কার বলে মনে করেন। 

ফলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভোটের মাঠ সিরাজগঞ্জে বিএনপির জন্য যেমন ‘বেশ বিদসংকুল’; ঠিক তেমনি জামায়াতে ইসলামীর জন্য ‘আশাপ্রদ’। 

যদিও স্থানীয় রাজনীতির অনেক হিসাব-নিকাশ শেষে ভোটের সময় এগোতে থাকলে ‘মেরুকরণ’ কোন দিকে কতটা স্পষ্ট হয় তার দিকে নজর রাখছেন পর্যবেক্ষকরা। কারণ তারা বলছেন, আগের হিসাব আর বর্তমান ভোটের মাঠের চিত্র অনেকটাই ভিন্ন। আগে যারা একই মাঠে মিত্র ছিলেন, তারা এখন প্রতিদ্বন্দ্বী হয়েছেন। 

অপরদিকে উভয়ের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এখন মাঠে নেই, কিন্তু তাদের ভোট আছে। পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই সেই ভোটও জয়-পরাজয়ের নিয়ামক হয়ে উঠতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। 

সিরাজগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শাহীনুর আলম প্রচার ও গণসংযোগ করছেন। 

সিরাজগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শাহীনুর আলম প্রচার ও গণসংযোগ করছেন।

সিরাজগঞ্জের ছয়টি আসনে ৩৯ জন প্রার্থী লড়ছেন। বিএনপি ছয়টি আসনেই প্রার্থী দিয়েছে। জামায়াতে ইসলামী চারটি আর তাদের জোট সমর্থকরা দুটি আসনে নির্বাচন করছেন। দুটি আসনে নিজ নিজ দলের পক্ষে দুজন নারী প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। 

সিরাজগঞ্জ-১: আওয়ামী লীগের ভোট ধরার চেষ্টা

যমুনা নদী বিধৌত কাজিপুর ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত এ আসনটি বরাবরই আওয়ামী লীগের ‘দুর্গ’ হিসেবে পরিচিত। এ আসনে মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৯৭১ সালের পর শুধু ১৯৮৮ সালের নির্বাচনে এ আসনে জাতীয় পাটির প্রার্থী শফিকুল ইসলাম জয়ী হয়েছিলেন। এ ছাড়া সব কয়টি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় নেতা এম মনসুর আলী, তার ছেলে মোহাম্মদ নাসিম ও মোহাম্মদ সেলিম, নাসিমের ছেলে তানভীর শাকিল জয় নির্বাচিত হয়েছেন। 

সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল মাহমুদ টুকু নির্বাচনি প্রচার চালাচ্ছেন।

সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল মাহমুদ টুকু নির্বাচনি প্রচার চালাচ্ছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এ পরিবারের উত্তরসুরী তানভীর শাকিল জয় পলাতক আছেন। আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। তাই আসনটি কব্জা করতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি ও জামায়াত। 

সাধারণ ভোটারদের ধারণা, এই আসনে আওয়ামী লীগ সমর্থকদের ভোট যে প্রার্থী বেশি পাবেন, তিনিই জয়ী হবেন। তাই উভয় দলের প্রার্থীই আওয়ামী লীগের ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন। 

এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। তাকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শাহীনুর আলমকে মোকাবিলা করতে হবে। দুই দলের কর্মী-সমর্থকরা দিনরাত এক করে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। এখানে নতুন ইতিহাস লিখতে।  

সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

এ ছাড়া এখানে গণঅধিকার পরিষদের মল্লিকা খাতুন (ট্রাক), জাতীয় পার্টির জহুরুল ইসলাম (লাঙ্গল), নাগরিক ঐক্যের নাজমুস সাকিব (কেটলি) এবং স্বতন্ত্র আব্দুস সবুর (ঘোড়া) প্রতীকে লড়াই করছেন।

ভোটের বিষয়ে জানতে চাইলে বিএনপি প্রার্থী সেলিম রেজা বলেন, “এ আসনে জামায়াতে ইসলামী দলগতভাবে তেমন সুংগঠিত নয়। অতীতে ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়ে এ আসনটিকে তাদের দুর্গ বলত। প্রকৃতপক্ষে তাদের দাবি সত্য নয়। 

“এ দলের যারা অপরাধ করেননি আমরা তাদের ভোট প্রার্থনা করছি। তাদের বাড়ি বাড়ি যাচ্ছি, চেষ্টা করছি তারা যেন ভোটকেন্দ্রে যায় এবং ধানের শীষে ভোট দেয়।” 

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা শাহিনুর আলম বলেন, স্বাধীনতার পর থেকে এই আসনটিতে শুধু একটি দলের প্রার্থীরাই নির্বাচিত হয়েছে। সব নির্বাচনেই কাজিপুরের দুর্গম এলাকাগুলোকে পূঁজি করেই তারা নির্বাচিত হত। 

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আয়নুল হকের নির্বাচনি প্রচার ও গণসংযোগ। 

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আয়নুল হকের নির্বাচনি প্রচার ও গণসংযোগ।

“এখন তারা নাই, কিন্তু সাধারণ ভোটাররা এলাকায় রয়েছেন। শুধু এই দলের ভোটার নয়, আমরা পুরো ভাসমান ভোটারদের ধরার চেষ্টা করছি। ভোটাররাও আশ্বাস দিচ্ছেন, নদী ভাঙন কবলিত কাজিপুরের উন্নয়নে তারা আমাকেই বেছে নেবেন।” 

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ২৪টি। এর মধ্যে পুরুষ এক লাখ ৮৯ হাজার ৬৭৬ এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৩৪৪। হিজড়া ভোটার রয়েছে চারজন। 

সিরাজগঞ্জ-২: নবীনে-প্রবীণে লড়াই 

সদরের একাংশ ও কামারখন্দ উপজেলা নিয়ে আসনটি গঠিত। এটি জেলার সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ আসন হিসেবে বিবেচিত। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৮৬ ও ২০০১ সালের নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হয়েছিলেন। ২০০৮ সালে আইনি জটিলতায় কারণে নির্বাচন করতে পারেননি তিনি। সেই সময় তার সহধর্মিণী জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের মুহা: আব্দুর রউফ সরকার গণসংযোগ করছেন। 

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের মুহা: আব্দুর রউফ সরকার গণসংযোগ করছেন।

এ ছাড়া ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে ডা. হাবিবে মিল্লাত মুন্না ও সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের জান্নাত আরা হেনরী সংসদ সদস্য নির্বাচিত হন। 

এর আগে ১৯৯১ সালে বিএনপির মির্জা মুরাদুজ্জামান এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে মোহাম্মদ নাসিম বিজয়ী হন। 

এবার বিএনপি থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মনোনয়ন পেয়েছেন। ১১ দলীয় জোট থেকে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেখ হাসিনার পতনের পর এ আসনের ভোটের মাঠের সমীকরণ বদলে গেছে। 

নয়া সমীকরণে বিএনপির প্রবীণ নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু এবং জামায়াতের নবীন প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটারদের প্রাথমিক ধারণা। উভয় প্রার্থীই ভোটের মাঠ চয়ে বেড়াচ্ছেন। তারা নিজ নিজ দলের ‘ভোট ব্যাংকের’ বাইরে সাধারণ ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। 

সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রফিকুল ইসলাম খান দলীয় কর্মীদের নিয়ে ভোটের প্রচারপত্র বিলি করছেন।

সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রফিকুল ইসলাম খান দলীয় কর্মীদের নিয়ে ভোটের প্রচারপত্র বিলি করছেন।

আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মুহিব্বুল্লাহ (হাতপাখা), সিপিবির আনোয়ার হোসেন রেজা (কাস্তে) বাসদের আব্দুল্লাহ আল মামুন (মই), গণঅধিকার পরিষদের মোহাম্মদ মাহফুজুর রহমান (ট্রাক) এবং জনতার দলের সোহেল রানা (কলম) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।    

বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আমি নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদকমুক্ত শান্তির সিরাজগঞ্জ ও সবুজ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রচেষ্টা নেব। পাশাপাশি বেকার সমস্যা দূরীকরণে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলব। এ ছাড়া ফ্যামেলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষকে সহায়তা করা হবে।” 

জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সঙ্গে বিভিন্নভাবে মিলিত হয়ে ভোট প্রার্থনা করছি। আমরা আশা করছি- চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত আধুনিক সিরাজগঞ্জ গড়তে ভোটাররা দাঁড়িপাল্লা প্রতীকেই ভোট দেবেন।”  

সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী এম আকবর আলী ভোটের প্রচারকাজ করছেন। 

সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী এম আকবর আলী ভোটের প্রচারকাজ করছেন।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৫ হাজার ২৩৮ এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৬২৬ জন।

সিরাজগঞ্জ-৩: জোটের প্রার্থী পরিবর্তনে বিএনপির ‘লাভ’ 

মৎস্য ও শষ্য ভাণ্ডার হিসেবে খ্যাত রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত এই আসনে এবার চার প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। 

এখানে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আয়নুল হক। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের মুহা: আব্দুর রউফ সরকারকে প্রার্থী করা হয়েছে। তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে।  

আসনটিতে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদার। ২০০৮ সালের পর থেকে পরবর্তী নির্বাচনগুলোতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। 

সিরাজগঞ্জ-৫ বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের নির্বাচনি প্রচার ও গণসংযোগ। 

সিরাজগঞ্জ-৫ বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের নির্বাচনি প্রচার ও গণসংযোগ।

বিএনপি প্রার্থী আয়নুল হক নির্বাচনি প্রচারের সময় হৃদরোগে আক্রান্ত হন। সভা থেকেই তিনি সরাসরি হাসপাতালে যেতে বাধ্য হন। চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে আছেন। তবে দলীর নেতাকর্মীরা তার পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। 

এই আসনে জামায়াত নেতা মোহাম্মদ আব্দুস সামাদ নির্বাচন করার জন্য বিগত সরকারের পতনের পর থেকে মাঠে ছিলেন। কিন্ত শেষ সময়ে এসে বাংলাদেশ খেলাফত মজলিসকে আসনটি ছেড়ে দেয় জামায়াতে ইসলামী। 

সাধারণ ভোটারদের অভিমত, রিকশা প্রতীকে আব্দুর রউফের চেয়ে জামায়াত প্রার্থীর প্রচার ও গণসংযোগ ভাল ছিল। এখানে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তন করায় বিএনপির হয়ত ‘সুবিধা’ হবে। 

আসনটিতে অন্য দুই প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টির ফজলুল হক (লাঙ্গল) এবং স্বতন্ত্র ইলিয়াছ রেজা রবিন (ঘোড়া)। তারাও ভোটের প্রচারে রয়েছেন এবং দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। 

সিরাজগঞ্হ-৫ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির আলী আলম নির্বাচনি প্রচার কাজ চালাচ্ছেন। 

সিরাজগঞ্হ-৫ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির আলী আলম নির্বাচনি প্রচার কাজ চালাচ্ছেন।

বিএনপি প্রার্থী আয়নুল হক বলেন, “মানুষের অধিকার আদায়ের জন্য ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। জেল-জুলুম সহ্য করেছি। রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের সেবা করেছি। আমি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। আশা করছি, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।”     

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহা. আব্দুর রউফ সরকার বলেন, “মনোনয়ন পাওয়ার পর থেকেই জোটের নেতাকর্মীদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। এ অঞ্চলে জামায়াতে ইসলামীর শক্ত ‘ভোট ব্যাংক’ রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষও আমাকে ভালভাবে গ্রহণ করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ী হবো ইনশাআল্লাহ।” 

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৩৭ এবং নারী ভোটের সংখ্যা ২ লাখ ২১ হাজার ৬৮৩। হিজড়া ভোট রয়েছে সাতটি।

সিরাজগঞ্জ-৪: বিএনপির ‘বিরোধে’ জামায়াতের সুযোগ

সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপি প্রার্থী এম এ মুহিত নির্বাচনি প্রচার চালাচ্ছেন। 

সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপি প্রার্থী এম এ মুহিত নির্বাচনি প্রচার চালাচ্ছেন।

সিরাজগঞ্জের পাঁচটি আসনের মধ্যে উল্লাপাড়া উপজেলা নিয়ে এই আসনটিতে সবচেয়ে বেশি ভোটের মাঠ গরম। তফসিল ঘোষণার আগ থেকেই এখানে বিএনপি নেতারা মাঠ গরম করে রেখেছিল মনোনয়ন প্রত্যাশায়। বিএনপি মনোনয়ন ঘোষণার পরও এখানে ধানের শীষের প্রার্থীর বিরোধিতা করে ব্যাপক বিক্ষোভ-সমাবেশ হয়েছে। 

যদিও শেষ পর্যন্ত এখানে কেউ ‘বিদ্রোহ’ করে স্বতন্ত্র হননি। তবে বহুমুখী বিভেদ এখনও তলে তলে রয়ে গেছে বলে দলের তৃণমূলেরই একটা অংশ মনে করে। 

এ আসনটিতে মোট পাঁচজন প্রার্থী নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন। 

জামায়াতে ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানকে এ আসনে প্রার্থী করেছে। ২০১৮ সালের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ৯৮ হাজার ভোট পেয়েছিলেন তিনি। এবার ১১ দলীয় জোটের মনোনয়ন পেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সময়ের আলোচিত এই ছাত্রনেতা। 

অপরদিকে, সাবেক সংসদ সদস্য এম আকবর আলী বিএনপির মনোনয়ন পেয়েছেন। তবে দলের একটি অংশ শুরু থেকেই তার মনোনয়নের বিরোধিতা করে আসছিলেন। আকবর আলী চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও তার বিরোধিতাকারীরা এখনও মাঠে নামেনি। এ অবস্থার পরিবর্তন না হলে বিএনপির প্রার্থীর বেকায়দায় পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। 

এ ছাড়া আসনটিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির আব্দুল হাকিম (কাস্তে), জাতীয় পার্টির হিলটন প্রামাণিক (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রহমান (হাতপাখা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ গণসংযোগ ও প্রচার কাচ চালাচ্ছেন। 

সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ গণসংযোগ ও প্রচার কাচ চালাচ্ছেন।

বিএনপি প্রার্থী এম আকবর আলী বলেন, “তৃণমূলের মানুষের প্রত্যাশা মূল্যায়ণ করে দল আমাকে মনোনয়ন দিয়েছে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছি। অতীতে নির্বাচিত হয়ে উল্লাপাড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলেছি। এবার নির্বাচিত হলে স্বাস্থ্যখাতের উন্নয়ন করা হবে।” 

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “৫ অগাস্টের পর থেকেই আমরা নির্বাচনি কার্যক্রম শুরু করেছি। জনগণ এবার চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের ভোট দেবে না। যে কারণে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।”

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮২১টি। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬৮০ এবং নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ১২৫ জন। হিজড়া ভোটার রয়েছে ১৬ জন।  

সিরাজগঞ্জ-৫: বিএনপি-জামায়াতের দ্বিমুখী লড়াই

তাঁতশিল্প অধ্যুষিত বেলকুচি ও চৌহালী উপজেলা নিয়ে গঠিত এই আসনে ছয়জন প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। 

আসনটিতে দলের রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের দল থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দিয়েছেন। তিনি এনসিপির প্রার্থীও হয়েছিলেন। তার সঙ্গে রয়েছেন বিএনপির শীর্ষপর্যায়ের আরো অর্ধডজন নেতা। 

এদিকে, ভারসাম্য রক্ষায় বিএনপির শীর্ষ পর্যায়ের তিনজন বহিষ্কৃত নেতাকে আবারও দলে ফেরানো হয়েছে। 

পরে ১১ দলীয় জোটের স্বার্থে বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির আলী আলমকে এ আসনে প্রার্থী করা হয়। আসনটিতে জামায়াতের একটি বড় ‘ভোট ব্যাংক’ রয়েছে। 

পাশাপাশি বিএনপির সাবেক সংসদ সদস্য এনসিপি নেতা মনজুর কাদের ভোটের মাঠে ১১ দলীয় জোটের প্রার্থীকে নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। 

তার একটি বড় প্রভাব বিএনপির ‘ভোট ব্যাংকে’ পড়তে পারে। এ অবস্থায় বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম বেকায়দায় পড়াতে পারেন বলে আশঙ্কা ভোটারদের। 

বিএনপির ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম বলেন, “বিগত সময়ে মানুষের পাশে থেকেছি। দলত্যাগী মানুষের কথায় ভোটের মাঠে প্রভাব পড়বে না। চৌহালীকে নদী ভাঙন থেকে রক্ষা ও বেলকুচির তাঁতশিল্পের উন্নয়নে সাধারন মানুষ আমাকেই ভোট দেবে ইনশাআল্লাহ।”        

১১ দলীয় জোটের প্রার্থী আলী আলম বলেন, “ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। মাঠপর্যায়ে প্রচারসহ নির্বাচনের সব প্রস্তুতি প্রায় শতভাগ শেষ করেছি। মানুষের মধ্যে পরিবর্তনের হাওয়া লেগেছে। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ।” 

এ দুজন ছাড়াও আসনটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুন নবী (হাতপাখা), জাতীয় পার্টির আকবর হোসেন (লাঙ্গল) গণঅধিকার পরিষদের ইউসুফ আলী (ট্রাক) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির মতিউর রহমান (কাস্তে) প্রতীকে ভোট করছেন।   

এই আসনে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৩২১। পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ৬৬৪জন এবং নারী ভোটার রয়েছে ২ লাখ ৭ হাজার ৬৫৫ জন। হিজড়া ভোট রয়েছে দুটি।

সিরাজগঞ্জ-৬: অনেকটাই ‘নির্ভার’ বিএনপি

দুগ্ধ ভাণ্ডার হিসেবে খ্যাত শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত আসনটিতে সবচেয়ে বেশি ১১ জন প্রার্থী নির্বাচনি মাঠে রয়েছেন। 

আসনটিতে জেলা কমিটির উপদেষ্টা এম এ মুহিতকে প্রার্থী করেছে বিএনপি। তিনি সাবেক উপ-প্রধানমন্ত্রী ও চক্ষু বিশেষজ্ঞ প্রয়াত এম এ মতিনের ছেলে এবং সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাগ্নে। 

বিগত সময়ে দলের দুঃসময়ে বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন মুহিদ। এ ছাড়া শিক্ষা, চিকিৎসা ও প্রতিবন্ধীদের উন্নয়নে নিজের প্রতিষ্ঠিত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে দুঃস্থ ও দরিদ্র মানুষের পাশে ছিলেন। তিনি মনোনয়ন পাওয়ায় ঐক্যবদ্ধভাবে দলের নেতাকর্মীরা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। 

অপরদিকে, শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান আলী নির্বাচন করার জন্য বিগত সরকারের পতনের পর থেকে মাঠে ছিলেন। কিন্তু শেষ সময়ে এসে আসনটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজকে ১১ দলীয় জোটের প্রার্থী করা হয়েছে। তিনি শাহজাদপুরের রাজনীতিতে অপেক্ষাকৃত তরুণ। তবে এ আসনে মূলত বিএনপি ও এনসিপির প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে।

এ ছাড়া আসনটিতে এবি পার্টির আবু জাফর মো. আনোয়ারুস সাদাত (ঈগল), জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ইলোরা খাতুন (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মিসবাহ উদ্দিন (হাতপাখা), বাসদের অ্যাডভোকেট আনোয়ার হোসেন (মই), আমজনতার দলের আসাদুল হক (প্রজাপতি), জাতীয় পার্টির মোক্তার হোসেন (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোশারফ হোসেন শহিদুল (মোমবাতি), স্বতন্ত্র হুমায়ুন কবির (ঘোড়া) এবং স্বতন্ত্র মোসায়েক ইকবাল খান মজলিস (হেলিকপ্টার) প্রতীকে নির্বাচনি মাঠে রয়েছেন।   

বিএনপি প্রার্থী এম এ মুহিত বলেন, “দীর্ঘদিন যাবত এলাকার শিক্ষা, চিকিৎসা ও প্রতিবন্ধীদের উন্নয়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করেছি। অতীতে আমার বাবা সাবেক উপ-প্রধানমন্ত্রী ড. এম এ মতিন এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি, ভোটাররা আমাকেই বিজয়ী করবেন ইনশাআল্লাহ।”

শাপলা কলি প্রতীকের প্রার্থী এনসিপি নেতা এস এম সাইফ মোস্তাফিজ বলেন, “যারা বিদেশ থেকে এসে ভোট করছেন, তারা হেরে গেলে আবারও বিদেশ চলে যাবেন। এটা ভোটাররা বুঝতে পেরেছেন। এবার ভোটাররা এলাকায় সন্ত্রাসী ও বালুদস্যুদের মদদদাতাদের ভোট দেবে না। সব শ্রেণি-পেশার মানুষ জুলাইয়ের চেতনাকে ধারণ করে। তারা এলাকার নেতৃত্বে পরিবর্তন চায়। তাই জয়ের ব্যাপারে আমি আশাবাদী।” 

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭টি। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৪১২ এবং নারী ভোটার রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন তিনজন।