২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিএনপির বিরুদ্ধে সহিংসতার অভিযোগ জামায়াতের

প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন যশোরের পাঁচটি আসনের নবনির্বচিত সংসদ সদস্য।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 09:24 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরে বিএনপির বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ এনেছে জামায়াতে ইসলামী। তাদের দাবি, ভোট পরবর্তীতে জেলাজুড়ে দলের নেতাকর্মী উপর হামলার ঘটনা ঘটছে।  

শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন যশোরের পাঁচটি আসনের নবনির্বচিত সংসদ সদস্য।  

এতে মূল বক্তব্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর জেলা আমির গোলাম রসুল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন।

সংবাদ সম্মেলনে গোলাম রসুল বলেন, “চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল, বৈষম্যহীন মানবিক ইনসাভিত্তিক বাংলাদেশ গড়ে ওঠবে। বাংলাদেশ পুরাতন রাজনৈতিক ধারার বাইরে বেরিয়ে আসবে এবং রাজনৈতিক সম্প্রীতি বজায় থাকবে। 

“এ ধরনের বক্তব্য আমরা যেমন দিয়েছি, আমাদের প্রতিপক্ষ তারাও দিয়েছেন। আমরা চেয়েছিলাম, এদেশে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী যে দলেই জয়ী হোক বা পরাজিত হোক সবাইকে সাদরে গ্রহণ করা হবে। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে আমার সেটা দেখতে পারছি না।”

তিনি বলেন, “বৃহস্পতিবার নির্বাচনের পর থেকে যশোরের ছয়টি আসনের অধিকাংশ স্থানে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলা করা হচ্ছে।” 

ঝিকরগাছার বাইসা, চৌগাছায় আড়কান্দি, দুর্গাবরকাটি, শার্শার বেলতাসহ বিভিন্ন গ্রামে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন জামায়াতে ইসলামীর নেতা। 

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির জেলা কমিটির সভাপতি সাবেরুল হক সাবু বলেন, “এ ধরনের কোনো বিষয় আমাদের জানা নেই। জামায়াত চাইলে বিষয়গুলো নিয়ে আমাদের কাছেও বলতে পারত। তাৎক্ষণিকভাবে হয়ত আমরা ব্যবস্থা নিতে পারতাম।”