টাঙ্গাইলে তারেকের সভাকে ‘জনসমুদ্র’ করতে চায় বিএনপি
শনিবার বিকালে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।
দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই সভাকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন দলটির নেতাকর্মীরা।
রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরসহ একাধিক জেলায় টানা তিন দিনের দলীয় কর্মসূচি শেষে শনিবার সড়কপথে ঢাকায় ফেরার পথে তারেক রহমান টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন।
বিকাল ৪টায় যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। টাঙ্গাইল জেলায় তারেক রহমানের এটি প্রথম রাজনৈতিক জনসভা।
বিএনপি নেতারা জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দলের প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু জনসভার সার্বিক তদারকি করছেন। এরই মধ্যে তিনি স্থান নির্ধারণ, একাধিকবার সমাবেশস্থল পরিদর্শন ও নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন।
জনসভায় শতাধিক মাইক স্থাপন, সুবিশাল মঞ্চসহ আয়োজনের কোনো ঘাটতি রাখা হচ্ছে না।
বৃহস্পতিবার রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভা করা হয়েছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়েছেন।
১১ জানুয়ারি টাঙ্গাইল সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা বাতিল করা হয়।
লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর এটিই টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম সফর। ২০০৪ সালে তিনি টাঙ্গাইলের দেলদুয়ার এলেও কোনো জনসভায় বক্তব্য দেননি। সে হিসেবে এবারই টাঙ্গাইলের মাটিতে তার প্রথম জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিএনপি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো জেলায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। টাঙ্গাইল শহরে এরই মধ্যে একাধিকবার আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, এই নির্বাচনি জনসভার মঞ্চ থেকে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলের প্রধান।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “টাঙ্গাইলের রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশনায়ক তারেক রহমানের আগমন ঘিরে পুরো জেলা উৎসবমুখর পরিবেশে রয়েছে।
“এই জনসভা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিএনপি চেয়ারম্যান দলের নির্বাচনি অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন। তার এই সফর নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।”
