২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীদের ওপর হামলার অভিযোগ এনসিপির সারোয়ার তুষারের

ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 02:39 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

নিজের কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ (পলাশ) আসনে প্রার্থী সারোয়ার তুষার।

বৃহস্পতিবার সকালে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি।

সারোয়ার তুষার বলেন, “আমদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কান্দাইল এলাকায় ক্যাম্প বসাতে চাইলে বাধা দেয় বিএনপির লোকেরা। তারা ভোটকেন্দ্রে ঘন ঘন আসা-যাওয়া করছে, বিষয়টি প্রশাসকে জানানো হয়েছে।” 

তিনি বলেন, “এ ছাড়া ভোটারসহ আমার নেতাকর্মীদের বিভিন্ন কেন্দ্রে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ বিষয়ে প্রশাসকে জানানো হয়েছে তারা এখনও কোনো ব্যবস্থা নেয়নি। 

“ঘোড়াশাল পৌরসভা এলাকায় প্রচুর অস্ত্র রয়েছে কিন্তু প্রশাসনকে জানানোর পরও সেগুলো উদ্ধার ও ব্যবস্থা নেয়নি। আমি আশা করব, ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেটা নিশ্চিত করবে প্রশাসন।”

অভিযোগের বিষয়ে বিএনপির বক্তব্য জানার চেষ্টা হচ্ছে।