২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুর্গম চরাঞ্চলে ভোটের নিরাপত্তায় সেনা-বিজিবি ক্যাম্প

পুলিশ সদস্যদের কাছে অন্তত ৩০০ ‘বডি ওর্ন’ ক্যামেরা থাকবে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 01:44 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

যমুনা নদী বিধৌত সিরাজগঞ্জের তিনটি সংসদীয় আসনে চরাঞ্চলের ভোটের নিরাপত্তায় নির্বাচনের আগেই সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ক্যাম্প স্থাপন করা হচ্ছে। 

ক্যাম্পে দায়িত্বরতরা ভোটের আগে ও পরে ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা এবং ভোটের সরঞ্জাম আনা-নেওয়া করবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

যমুনা নদীর পশ্চিমপাড়ে অবস্থিত চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেন বলেন, সিরাজগঞ্জ-৫ আসনে ভোটের নিরাপত্তায় ভোটের আগের দিন উপজেলার তিনটি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। 

এর মধ্যে ওমরপুর ইউনিয়নে সেনাবাহিনীর ৩০ সদস্য ও বিজিবির ২০ সদস্যের দল অস্থায়ী ক্যাম্প করবে। এ ছাড়া মোবাইল টিম হিসেবে তিনটি ভাগে ১৫ থেকে ২১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। 

একই উপজেলায় পাশাপাশি অবস্থিত ঘোরজান ইউনিয়ন ও স্থল ইউনিয়নে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর ৩৫ সদস্যের একটি দল অস্থায়ী ক্যাম্প করবে। এ ছাড়া ছয়জন পুলিশ সদস্য মোবাইল টিম হিসেবে দায়িত্বে থাকবে। 

চৌহালী উপজেলায় ৪৩টি কেন্দ্রের মধ্যে অতীতে যেসব জায়গায় অপরাধ প্রবণতার অভিযোগ ছিল সেই ধরনের ১৩টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত করা হয়েছে বলেও জানান ইউএনও। 

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সিরাজগঞ্জ-১ আসনে যমুনা নদীর পশ্চিমপাড়ে অবস্থিত ছয়টি ইউনিয়নে ভোটের নিরাপত্তায় ১০০ জন সেনাবাহিনী ও বিজিবির সদস্য দায়িত্ব পালন করবে। 

এরই মধ্যে নাটুয়ারপাড়া ইউনিয়নে ৪০ সদস্যের একটি বিজিবির দল এবং সেনাবাহিনীর ৬০ সদস্যের দুটি দল চরগিরিস ও মনসুরনগর ইউনিয়নে ক্যাম্প করেছে। এদের পাশাপাশি পুলিশ সদস্যরাও মোবাইল টিমের দায়িত্বে থাকবেন।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসফিকা হোসেন বলেন, সিরাজগঞ্জ-৬ আসনে উপজেলার দুর্গম চরাঞ্চল সোনাতনী ইউনিয়নে ৩০ সদস্যের সেনাবাহিনীর দল ক্যাম্প করছে। 

এ ছাড়া পুলিশ সদস্যরা মোবাইল টিম হিসেবে কাজ করবেন। উপজেলায় মোট ১৬০টি কেন্দ্রের মধ্যে আটটি ‘ঝুঁকিপূর্ণ’ রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। 

এ বিষয়ে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। আর ৯২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ২৮১টি ‘ঝুঁকিপূর্ণ’ এবং ৪৬৪টি সাধারণ কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, জেলার ছয়টি সংসদীয় আসনে ভোটের নিরাপত্তায় ৩৮ জন নির্বাহী হাকিম, ১ হাজার ৩৭৪ জন সেনা সদস্য, ৯৬ জন র‌্যাব সদস্য, ৩৬০ জন বিজিবি সদস্য, ১ হাজার ৯৮৪ জন পুলিশ, ১২ হাজার আনসার সদস্য ভোটকেন্দ্র ও ভোটারের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। 

পুলিশ সদস্যদের কাছে অন্তত ৩০০ ‘বডি ওর্ন’ ক্যামেরা থাকবে। দায়িত্বরতদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত অতিরিক্ত জেলা প্রশাসক পদমর্যাদার ছয়জন কর্মকর্তার কাছে অভিযোগ করা যাবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, দুর্গম চরাঞ্চলসহ জেলা ও উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সরজমিন পরিদর্শন করে করণীয় ঠিক করা হয়েছে। ভোটকেন্দ্র সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য প্রতিটি কেন্দ্রে অন্তত তিনটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

চরাঞ্চলের কেন্দ্রগুলোতে দায়িত্ব প্রাপ্তদের যাতায়াতের জন্য নৌকা, ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেলের ব্যবস্থা করা হয়েছে। নিয়োজিত নির্বাহী হাকিম, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা বিধি মোতাবেক প্রতিটি কেন্দ্রের পাশাপাশি মোবাইল ও স্টাইকিং ফোর্স, টহল ও ভোটের মালামাল আনা নেওয়ায় দায়িত্ব পালন করবে।