মানুষ না খেয়ে থাকতে রাজি, কিন্তু ভোট না দিয়ে থাকতে রাজি নয়: মঈন
পলাশ উপজেলার চরনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নরসিংদী-২ আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল মঈন খান।
উন্নত দেশের মানুষের তুলনায়ও বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রশ্নে বেশি সচেতন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল মঈন খান।
তিনি বলেছেন, “বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন। তারা গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটের অধিকারে বিশ্বাস করে। আমরা না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু ভোট না দিয়ে থাকতে রাজি নই।”
বৃহস্পতিবার সকালে নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভোটের মধ্য দিয়ে দেশে নতুন করে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে ধানের শীষের এই প্রার্থী বলেন, “বিগত চারটি প্রহসন ও সাজানো নির্বাচনের পর আজ দেশের মানুষ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারছে। ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের মাধ্যমে এ সুযোগ তৈরি হয়েছে।”
নিজেকে ‘রাজনৈতিক নেতা নয়, কর্মী’ হিসেবে উল্লেখ করে মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করছেন তারা। “রাজনীতি যদি মানুষের কল্যাণে না আসে, তবে তার কোনো অর্থ নেই।”
ভোট শেষে জনগণের ইচ্ছায় দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
