ইসির ‘ফ্যাক্ট চেকিং সেল’ চায় বিএনপি
“নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার চলছে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে।”
ভোটের মৌসুমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে নির্বাচন কমিশনকে দ্রুত ‘ফ্যাক্ট চেকিং সেল’ করার দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার চলছে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে। এর প্রেক্ষিতে বিএনপি নির্বাচন কমিশনে ফ্যাক্ট-চেকিং সেল গঠনের দাবি উত্থাপন করেছ।
“আমরা আহ্বান জানাই, দেশজুড়ে সেই ফ্যাক্ট-চেকিং সেল যেন অতি দ্রুত কার্যকর করা হয়।”
জাইমা পেলেন ‘ব্লু টিক’
মাহাদী আমীন বলেন, “আমরা নিশ্চিত করছি যে তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফেইসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক (ফেসবুক ও ইনস্টাগ্রামের মাদার কোম্পানি) সম্প্রতি ভেরিফাই করা হয়েছে। ব্লু টিক দেওয়া এই দুটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছাড়া তার আর কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।”
বিএনপির নাম দিয়ে ৫০টির বেশি ‘ফেইক’ আইডি ও পেইজ থেকে ডিপফেইক ও এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল মন্তব্য করে মাহাদী আমীন বলেন, “সেগুলো রিমুভ করা হয়েছে। আরও কিছু আইডি ও পেইজ অবশিষ্ট আছে; সেগুলো অপসারণের বিষয়ে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলমান রয়েছে।”
জুবাইদার নামে কোনো ‘একাউন্ট নেই’
মাহাদী আমীন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের নামেও অনেকগুলো ‘ফেইক’ ফেইসবুক পেইজ খোলা হয়েছে।
“এসব পেইজে এআই দিয়ে তৈরি বানোয়াট ও মিথ্যা ভিডিও ছড়ানো হচ্ছে। আমরা নিশ্চিত করছি যে, ডা. জুবাইদা রহমানের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা পেইজ নেই। সুতরাং সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। ”
‘কল সেন্টার চালু’
মাহাদী আমীন বলেন, নির্বাচনের সময়ে গণমানুষের সঙ্গে ‘সম্পৃক্ততা’ তৈরির লক্ষ্যে বিএনপি ইতোমধ্যে কল সেন্টার চালু করেছে।
যে কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে অনুসন্ধান, প্রয়োজনীয় তথ্য, পরামর্শ বা অভিযোগ কিংবা মতামত জানাতে 16543 নম্বরে কল করতে পারবেন।
এছাড়া বিএনপি প্রণীত বিভিন্ন পলিসির পক্ষে জনমত তৈরি ও গঠনমূলক সমালোচনা নিতে ‘Match My Policy’ কার্যক্রম শুরু করেছে বিএনপি। https://www.matchmypolicy.net/ ওয়েবসাইটে গিয়ে যে কেউ বিএনপির বিভিন্ন খাতের নীতি নিয়ে ব্যক্তিগত মতামত জানাতে পারবেন, পছন্দ-অপছন্দ জানাতে পারবেন।
“এর মূল উদ্দেশ্য হলো, জনগণের ক্ষমতায়নের দল হিসেবে আমরা যখন ম্যানিফেস্টো প্রণয়ন করব, তখন যেন প্রত্যেকের মতামতকে সম্মান ও প্রাধান্য দিতে পারি,” বলেন মাহাদী আমীন।
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বিএনপি
মাহাদী আমীন বলেন, “গণভোটের ক্ষেত্রে আমরা বলেছি যে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণকারী রাজনৈতিক দল হিসেবে সবার আগে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম ২০১৬ সালের ভিশন ২০৩০ এ। ২০২২ সালের ২৭ দফা এবং ২০২৩ সালের ৩১ দফার উপর ভিত্তি করে।
“জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি যেভাবে অত্যন্ত আন্তরিকতা ও গুরুত্বের সাথে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল, সেই আলোকে বাংলাদেশের ইতিহাসে সংস্কারের ধারক, বাহক ও জনক রাজনৈতিক দল হিসেবে, জুলাই চার্টারে আমাদের অবস্থান ও প্রণীত নোট অফ ডিসেন্ট অনুযায়ী বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিচ্ছে, যা ইদোমধ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকেও জানানো হয়েছে।”
তিনি বলেন, “আসন্ন নির্বাচনকে সুন্দর, সফল, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের বড় ভূমিকা আছে। আসুন, আমরা সবাই মিলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা নির্মাণ করি।”
পোস্টাল ব্যালট প্রসঙ্গ
মাহাদী আমীন বলেন, “আমরা দুঃখজনকভাবে লক্ষ করছি, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ধানের শীষের অবস্থান নিচের দিকে, যা সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ভাঁজ করলে ধানের শীষ প্রতীক চোখে পড়ে না কিংবা দাগের কারণে মুছে যেতে পারে।
“অথচ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রতীককে কৌশলে সহজে দেখা যায় এমন জায়গাগুলোতে রাখা হয়েছে। চাইলেই খুব সহজে কলাম বা লাইনের সংখ্যা পুনর্বিন্যাস করে প্রতীকের অবস্থানগত এ বৈষম্য দূর করে পোস্টাল ব্যালটকে স্বচ্ছ রাখা যেত।”
তিনি বলেন, “গত ১৬ বছরে ফ্যাসিবাদী আমলের গুম, খুন, হামলা ও মামলার সময়ে বিএনপির কয়েকজন প্রার্থী দেশের বাইরে ছিলেন। স্বাভাবিকভাবেই তাদের সেখানে নাগরিকত্ব হয়েছিল এবং মনোনয়ন নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই তারা তাদের নাগরিকত্ব প্রত্যাহারের আবেদন করেছিলেন।
“সেই আবেদনপত্র থাকার পরও নির্বাচন কমিশনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অথচ সংবিধানের আর্টিকেল ৬৬ অনুযায়ী, সেখানে কোনো অপ্রয়োজনীয় বিতর্কের অবকাশ নেই।”
বিভিন্ন দল আচরণবিধি লঙ্ঘন করছে অভিযোগ করে মুখপাত্র বলেন, “আমরা দেখেছি যে, বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রতীকসহ সরাসরি নিজ নিজ প্রার্থী ও দলের জন্য ভোট চাইছেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এবং অনলাইনে।”
