Published : 12 Feb 2026, 01:16 PM
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন যদি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে, তাহলে কোনো অভিযোগ থাকবে না বলে জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম।
তিনি বলেছেন, “আমরা কারও বিরুদ্ধে অভিযোগ করার জন্য নির্বাচনে আসিনি। আমরা চাই এমন পরিবেশ থাকুক, যাতে অভিযোগ করার প্রয়োজন না হয়।
“কিন্তু কোথাও পেশিশক্তির প্রয়োগ, ভোটকেন্দ্রে বাধা বা ফলাফল প্রভাবিত করার চেষ্টা হলে আমরা প্রথমে প্রশাসনের ওপর আস্থা রাখব। তারা ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করব।”
বৃহস্পতিবার সকালে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী সারজিস।
একই সময়ে ভোট দেন তার বাবা আক্তারুজ্জামান এবং ভাই শাহাদাত হোসেন সাকিব। তারা একসঙ্গে কেন্দ্র প্রাঙ্গণে আসেন এবং কিছু সময় অবস্থান করে কেন্দ্রের বাইরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে ভোটারদের নির্ধারিত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন সারজিস আলম। দীর্ঘ অপেক্ষা করে তিনি ভোট কক্ষে প্রবেশ করেন এবং ভোট দেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সারজিস বলেন, “উৎসবমুখর পরিবেশে আমি আমার ভোট শাপলা কলি প্রতীকে দিয়েছি এবং গণভোটে আমি ’হ্যাঁ’ ভোট দিয়েছি।”
তিনি বলেন, “আমরা নতুন গণতন্ত্রের আশায় আজকে যে ভোট দিলাম- আশা করি শেষ পর্যন্ত একটি সুষ্ঠ নির্বাচন আমরা পাবো। জনগণের ভোটের উপরে, মতামতের উপরে আমরা যেন আস্থাটুকুন রাখি।
সারজিস অভিযোগ করেন, বিগত কয়েক দিনে তার আসনের বিভিন্ন এলাকায় বিএনপির কিছু নেতাকর্মী ভোটারদের বাধা দেওয়া, হুমকি দেওয়া ও ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করেছেন।
তবে নির্বাচনের দিনে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সারজিস আলম বলেন, পঞ্চগড়-১ আসনে ১৫৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলে জনগণের রায় মেনে নিতে তাদের প্রস্তুতি রয়েছে।
তিনি দাবি করেন, গত দেড় বছরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বিবেচনা করেই এবার ভোটাররা সিদ্ধান্ত নেবেন।
তিনি আরও বলেন, পঞ্চগড়-১ আসনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সব রাজনৈতিক দল সহনশীল আচরণ করলে ২৩টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আমরা বিজয়ী হব।
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৯৬৯ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৪১ জন এবং নারী ভোটার দুই হাজার ৯২৮ জন।
পঞ্চগড়-১ আসনে সারজিস আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো ছয় জন। এর মধ্যে তার লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে। নওশাদ জমির বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে।