ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে ভোট দেবেন কামাল হোসেন
একাদশ সংসদ নির্বাচনে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন গণফোরাম সভাপতি ও বিএনপিকে নিয়ে গঠিত সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
রোববার ভোটের দিন সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ভোট দিতে যাবেন বলে জানিয়েছেন তিনি।
বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে কামাল হোসেন বলেন, “আমি ভোট দিতে বেরুবো সকাল ৮টা থেকে ৯টার মধ্যে।
“আমার বাসার কাছেই যে কেন্দ্র আছে, ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে পায়ে হেঁটে যাব।”
গণফোরামের ‘উদীয়মান সূর্য’ প্রতীক নিয়ে এবার ভোটে লড়ছেন ২১ জন প্রার্থী।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকাল ৯টায় নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।
