ভূমিকম্পে মৃত ২৩,৭০০ ছাড়াল, সিরিয়ায় ‘পরিস্থিতি বিপর্যয়কর’
সিরিয়ায় উত্তরাঞ্চলে ‘পুরোপুরি বিপর্যয়কর’ পরিস্থিতি বিরাজ করছে- বলেছে নাগরিক সুরক্ষা সংগঠন হোয়াইট হেলমেটস।
ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২৩ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। তুরস্কে মারা গেছে ২০ হাজার ২০০ জনের বেশি মানুষ। আর সিরিয়ায় মৃতের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি।
সিরিয়ায় উত্তরাঞ্চলে ‘পুরোপুরি বিপর্যয়কর’ পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে দেশটির নাগরিক সুরক্ষা সংগঠন হোয়াইট হেলমেটস।
ইস্তাম্বুল থেকে বিবিসি’র রেডিও ফোর প্রোগ্রামে সংগঠনটির এক সদস্য উবাদা আলোয়ান বলেন, ভূমিকম্পের পাঁচ দিন পরে এসেও সিরিয়ায় মাঠ পর্যায়ে সংগঠনের সেচ্ছ্বাসেবী এবং উদ্ধারকাজের যন্ত্রপাতির ঘাটতি আছে।
উদ্ধারের কাজে ব্যবহৃত জরুরি যন্ত্রপাতির ঘাটতি খুবই বেশি। সেইসঙ্গে গাড়ি, যানবাহন চালানোর জন্য জ্বালানিরও ঘাটতি আছে বলে জানান তিনি।
আলোয়ান বলেন, ধ্বংসস্তপের নিচ থেকে ভেসে আসা মানুষের কণ্ঠ এখন শোনা যাচ্ছে কমই। তারপরও তারা এখনও সাহায্য পাওয়ার আশায় বসে আছেন। এটি খুবই হতাশাজনক ব্যাপার।
তিনি বলেন, লোকজন আছে, স্বেচ্ছাসেবীরা আছে, বিভিন্ন সংগঠন আছে, যারা সিরিয়ায় যেতে চায়। কিন্তু এ মুহূর্তে সেটি খুবই কঠিন ব্যাপার।
এ ধরনের সাহায্যর জন্য যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পরিবেশ অনুকূল নয়। সিরিয়ায় বিশেষ করে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নানা বাধানিষেধের কারণে ত্রাণ পাঠানো কঠিন।
কর্মকর্তারা অবশ্য বলছেন, এ সপ্তাহে জাতিসংঘের দ্বিতীয় ত্রাণের বহর তুরস্ক থেকে সীমান্ত পেরিয়ে সিরিয়ায় গেছে।
তাছাড়া,দামেস্কও আন্তর্জাতিক ত্রাণ বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোর ভূমিকম্প দূর্গতদের কাছে পাঠানোর অনুমতি দিয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। সিরিয়া সরকারের কাছে ত্রাণ সংস্থাগুলোর কয়েকদিনের আবেদনের পর এই অনুমতি এসেছে।
তবে সিরিয়ার উত্তরাঞ্চলের ত্রাণকর্মীরা আরও সাহায্যের জন্য মরিয়া হয়ে আছে। একজন চিকিৎসক বলেছেন, সেখানে প্রয়োজনের তুলনায় এমনকী ২০ শতাংশ চিকিৎসা সরঞ্জামও নেই।
এমন কঠিন পরিস্থিতির মধ্যে আবার প্রবল শীতের কারণে দ্বিতীয় আরেক বিপর্যয় ঘনিয়ে আসতে চলেছে সিরিয়া এবং তুরস্ক দুই দেশেই। বৃহস্পতিবার এ সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডব্লিউএইচও’র ব্যবস্থাপক রবার্ট হোল্ডেন বলেছেন, বহু মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে ভয়াবহ অবস্থায় বসবাস করছে। আশ্রয়, পানি, জ্বালানি ও বিদ্যুৎ বিহীন অবস্থায় আছে তারা। এ পরিস্থিতি আরেকটি বিপর্যয় ডেকে আনবে, যা ভূমিকম্পের চেয়েও আরও বেশি মানুষের ক্ষতি করবে।
