১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৫-২৬: ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়ে ৯২৪৬ মিলিয়ন ডলার

আগের অর্থবছরে সার্কভুক্ত আফগানিস্তান, ভুটান ও পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল।

২০২৫-২৬: ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়ে ৯২৪৬ মিলিয়ন ডলার

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 12:26 AM

Updated : 16 Nov 2026, 12:26 AM

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৪৬ মিলিয়ন ডলার।

এক বছর আগে ২০২৪-২৫ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল প্রায় ৭ হাজার ৮৬০ মিলিয়ন ডলার।

রোববার জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব তথ্য দেন।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১ হাজার ৮০২ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে আমদানি করেছে ১১ হাজার ৪৮ দশমিক ডলারের পণ্য।

এর আগের ২০২৪-২৫ অর্থবছরে ভারতে বাংলাদেশের রপ্তানি ছিল ১ হাজার ৭৬৪ মিলিয়ন ডলার। বিপরীতে আমদানি হয়েছিল ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলারের পণ্য।

আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত ছাড়াও ২০২৪-২৫ অর্থবছরে সার্কভুক্ত আফগানিস্তান, ভুটান ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের লিখিত জবাবে এসব জবাব দেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মুক্তবাণিজ্য চুক্তি সাফটা ও এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা) সদস্য হিসেবে বাংলাদেশ ভারতের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পাচ্ছে।

এদিন প্রশ্নোত্তরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের লিখিত জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতি ছিল ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

ওই অর্থবছরে বাংলাদেশ ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে আমদানি হয়েছে ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের পণ্য।

এদিন ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি হয়েছে। মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে।

কৃষকের ১০ টাকার বেগুন ঢাকায় ৪০ টাকা কেন?

সম্পূরক প্রশ্নে শাহজাহান চৌধুরী কৃষক ও খুচরা বাজারের দামের বড় ব্যবধান তুলে ধরেন। বলেন, কৃষক এক কেজি বেগুন ১০ টাকায় বিক্রি করলেও ঢাকার কারওয়ান বাজারে সেই বেগুনের দাম ৩৫ থেকে ৪০ টাকা হয়ে যায়।

এ ব্যবধান কমাতে রেলপথ ও নৌপথে কৃষিপণ্য পরিবহনের ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চান তিনি।

জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদন এলাকা ও ভোক্তা পর্যায়ের মধ্যে দামের বড় পার্থক্য রয়েছে। পণ্য সরবরাহব্যবস্থার দুর্বলতা এ ব্যবধানের একটি কারণ।

সারা বছর সবজি ও ফলের সরবরাহ নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় আগামী রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকবে বলে সরকার আশা করছে।

বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তন না হলে আগামী রমজানে পণ্যের দাম সহনীয় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।