Published : 26 Jul 2022, 11:09 AM
জাতিসংঘ জানিয়েছে, তাদের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী ইউক্রেইন থেকে খাদ্যশস্য রপ্তানির প্রথম চালানগুলো আগামী কয়েকদিনের মধ্যেই কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে।
সোমবার জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক এ তথ্য দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে।
এর আগে কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে শস্য রপ্তানি ফের শুরুর জন্য রাশিয়া, ইউক্রেইন, তুরস্ক ও জাতিসংঘ শুক্রবার একটি চুক্তি সই করে।
জাতিসংঘের ওই মুখপাত্র বলেন, ইস্তাম্বুলে স্থাপিত একটি যৌথ সমন্বয় কেন্দ্র রপ্তানি চালানবাহী জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ রাখবে এবং শিগগিরই কৃষ্ণ সাগরের নিরাপদ চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।
রাশিয়ার ইউক্রেইন আক্রমণের ‘জেরে শুরু হওয়া’ আন্তর্জাতিক খাদ্য সংকটের সুরাহা এ সমঝোতার মধ্য দিয়ে হবে বলে আশা বিশ্লেষকদের।
তুরস্ক এ চুক্তিকে বিশ্বজুড়ে চলমান খাদ্য সংকট সমাধানের পথে ‘প্রথম ধাপ’ বলে বর্ণনা করেছে।
জাতিসংঘের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার বলেছিলেন, শস্য রপ্তানি শুরু হলে মাসে ৫০ লাখ টন চালান যাবে, যুদ্ধ-পূর্ববর্তী সময়ে যেমনটি হত।
চুক্তি অনুযায়ী ইউক্রেইনের কর্মকর্তারা রপ্তানির জন্য জাহাজগুলোকে কৃষ্ণ সাগরের নিরাপদ চ্যানেলের মধ্য দিয়ে গাইড করে নিয়ে যাবেন তিনটি বন্দরে। সেখানে জাহাজগুলোতে শস্য তোলা হবে। এরপর জাহাজগুলো কৃষ্ণ সাগরের ইউক্রেইনীয় বন্দরগুলো ছেড়ে বসফরাস প্রণালী ট্রানজিট দিয়ে তুরস্কের একটি বন্দরে যাবে। সেখানে জাহাজগুলোতে তল্লাশির পর সেগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে।
আরও পড়ুন:
বন্দর সচল করতে চুক্তি করছে ইউক্রেইন-রাশিয়া: তুরস্ক
বন্দর সচলে ইউক্রেইন-রাশিয়া চুক্তি, শস্য রপ্তানি শুরু শিগগিরই