২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

পুলিশ জানায়, রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যান আলিফ।

মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
মো. আলিফ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2024, 04:02 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানিপুর খেয়াঘাট সংলগ্ন মেঘনা নদীতে মরদেহটি পাওয়া যায় বলে গজারিয়া থানার ওসি রাজিব খাঁন জানান। 

নিহত মো. আলিফ (১৭) উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী মো. ফয়সাল প্রধানের ছেলে। তিনি এবার ভবেরচর ওয়াজীর আলী হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন।  

স্বজনদের বরাতে ওসি রাজিব বলেন, সাঁতার না জানায় বাসা থেকে মানা করার পরও না বলে বন্ধুদের সঙ্গে রোববার দুপুরে মেঘনা নদীর ব্রিজের নিচে গোসল করতে যান আলিফ। 

“এ সময় ঢেউয়ের তোড়ে এবং তীব্র স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।” 

পরে মঙ্গলবার সকালে তার ভাসমান মরদেহ উদ্ধার; আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।