২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের সরিয়ে নিতে ফ্লাইট দিচ্ছে যুক্তরাজ্য

পাকিস্তান সরকার আগামী ১ নভেম্বর থেকে সে দেশে থাকা অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার ঘোষণা দিয়েছে।

পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের সরিয়ে নিতে ফ্লাইট দিচ্ছে যুক্তরাজ্য

তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত শহর চমনে জড়ো হয় কাবুলের বাসিন্দারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 02:04 PM

Updated : 26 Oct 2023, 02:05 PM

পাকিস্তানে আশ্রয়রত যেসব আফগান শরণার্থীদের যুক্তরাজ্যের ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদের সরিয়ে নিতে ফ্লাইটের ব্যবস্থা করেছে ব্রিটিশ সরকার।

বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্যে তাদের স্থানান্তরের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে বিবিসি জানিয়েছে।

২০২১ সালের ১৫ অগাস্ট তালেবান কাবুল দখল করলে আফগানিস্তানের হাজারো নাগরিক পাকিস্তানসহ পাশ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নেয়। সে সময় যুক্তরাজ্য আফগানিস্তানে যারা ব্রিটিশ সরকারের সঙ্গে বা তাদের হয়ে কাজ করেছে তাদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল।

দেশ ছাড়া এসব আফগানদের অনেকেই আশ্রয় নিয়েছেন পাশ্ববর্তী পাকিস্তানে। যুক্তরাজ্যে স্থানান্তর হওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন।

আফগান নাগরিকদের সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে গত মাসে পাকিস্তান সরকারের এক ঘোষণার পর। পাকিস্তান আগামী ১ নভেম্বর থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার ঘোষণা দিয়েছে।

পাকিস্তানে থাকা আফগান শরণার্থীদের অনেকে একসময় ব্রিটিশ সেনাবাহিনীর জনয্ অনুবাদক হিসেবে কাজ করেছেন। অনেকে ছিলেন ব্রিটিশ কাউন্সিলের শিক্ষক। তারা সবাই ‘আফগান নাগরিক পুনর্বাসন প্রকল্প’ না হয় ‘আফগান স্থানান্তর ও সহায়তা নীতি’র অংশ। তালেবান ক্ষমতায় আসার পর তারা সকলেই পাকিস্তানে আশ্রয় নিয়েছিল। যুক্তরাজ্যে নতুন জীবন পেতে তাদের ভিসা প্রস্তুত করতে বলেছিল ব্রিটিশ সরকার। কিন্তু অনেক শরণার্থীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

এখন এসব আফগান শরণার্থীরা নির্বাসনের ঝুঁকিতে রয়েছে বলে মনে করছে পাকিস্তানে ব্রিটিশ কর্তৃপক্ষ।

সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের স্থানান্তর প্রকল্পে প্রায় ৩ হাজার ২৫০ জন আফগান নারী-পুরুষ ও শিশু রয়েছে। তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের গেস্ট হাউস ও হোটেলগুলোতে থাকছে।

ইসলামাবাদে থাকলেও পাকিস্তানে তাদের কোনো কাজের সুযোগ নেই। সন্তানদের স্কুলেও যেতে দেওয়া হয় না।

শুরুর দিকে এসব শরণার্থীরা ভেবেছিলেন কয়েক সপ্তাহ তাদের পাকিস্তানে অবস্থান করতে হতে পারে। কিন্তু নানা জটিলতায় শিগগিরই তাদের যুক্তরাজ্যে প্রত্যাবাসন সম্ভব হয়ে ওঠেনি।

এখন পাকিস্তান এসব শরণার্থীদের বিতাড়নের ঘোষণা দেওয়ার পর উদ্যোগ শুরু করেছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসির জিজ্ঞাসায় আফগান শরণার্থীদের সরিয়ে নেওয়ার ফ্লাইটের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

তিনি জানান, এর আগে যুক্তরাজ্যের ‘আফগান প্রকল্পের’ অংশ হিসেবে হাজারো ব্রিটিশ নাগরিকসহ ২৪ হাজার আফগানকে নিরাপদে সরিয়ে নিয়েছিল সরকার।