২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক আটক

ইসরায়েলের সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থা বলছে, আবু সালামিয়ার ব্যবস্থাপনায় পরিচালিত এই হাসপাতাল হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসাবে কাজ করেছে বলে তারা প্রমাণ পেয়েছে।

গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক আটক

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2023, 09:16 PM

Updated : 23 Nov 2023, 10:34 PM

গাজার প্রধান আল-শিফা হাসপাতালের পরিচালক আবু সালামিয়াকে জেরা করার জন্য আটক করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। ইসরায়েল সিকিউরিটি সার্ভিসেস তাকে আটকে রেখেছে বলে জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থা আইএসএ বলেছে, তারা প্রমাণ পেয়েছে যে, তার (সালামিয়া) ব্যবস্থাপনায় পরিচালিত এ হাসপাতালটি ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসাবে কাজ করেছে।

গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা নিয়ে ইসরায়েলের এইসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে হামাস।

ইসরায়েল এক বিবৃতিতে বলেছে, হাসপাতালের নিচে সন্ত্রাসীদের সুড়ঙ্গ নেটওয়ার্কে বিদ্যুৎ এবং অন্যান্য সম্পদ কাজে লাগানো হচ্ছে। বৃহস্পতিবার এক্স এ শেয়ার করা এক ভিডিওতে ইসরায়েলের সেনাবাহিনী এই দাবি করে।

ভিডিওতে সুড়ঙ্গের ভেতরে টয়লেট, রান্নাঘর, তার এবং এয়ারকন্ডিশন লাগানো জায়গাও দেখা গেছে। ইসরায়েল বলছে এই সুড়ঙ্গটি আল-শিফা হাসপাতালের নিচে আছে।

ইসরায়েলের বিবৃতিতে বলা হয়েছে, আবু সালামিয়ার ব্যবস্থাপনায় হাসপাতালটিতে হামাসের ব্যাপক সন্ত্রাসী তৎপরতা চলেছে। 

ইসরায়েলি বাহিনী আল-শিফার নিচে হামাসের কমান্ড সেন্টার পরিচালনার অভিযোগ তুলে গত সপ্তাহে হাসপাতালটির নিয়ন্ত্রণ নেয়। যুক্তরাষ্ট্রও ইসরায়েলের এমন অভিযোগে সমর্থন দিয়েছে।

গত ৭ অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন আক্রমণ দেশটির সরকারকে হতবাক করে দেয় এবং সাধারণ ইসরায়েলিরা হতভম্ব হয়ে পড়ে।

সেই হামলায় ১২০০ জন নিহত হয়েছেন এবং তাদের অধিকাংশই বেসামরিক বলে ইসরায়েল জানিয়েছে। ওই দিন প্রায় ২৪০ জনকে বন্দি করে গাজায় এনে জিম্মি করে রাখে হামাস। তারপর থেকে পাঁচজন মুক্তি পেয়েছেন।

এর প্রতিশোধ নিতে প্রায় সবদিক থেকে গাজা অবরুদ্ধ করে ভয়াবহ আক্রমণ শুরু করে ইসরায়েল। তাদের অবিরাম বোমাবর্ষণ ও গোলা হামলায় ১৪ হাজারেরও বেশি গাজাবাসী ফিলিস্তিনি নিহত হয়, এদের প্রায় ৪০ শতাংশ শিশু।