২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

জাপান উপকূলে কার্গো জাহাজডুবিতে ৮ মৃত্যু

হংকংয়ের পতাকাবাহী নৌযানটি গত মাসে মালয়েশিয়ার পোর্ট ক্লাং ত্যাগ করে, বুধবার জাহাজটির দক্ষিণ কোরিয়ার ইনচিওনে পৌঁছানোর কথা ছিল।

জাপান উপকূলে কার্গো জাহাজডুবিতে ৮ মৃত্যু

দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ড/ বিবিসি থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2023, 06:25 PM

Updated : 26 Jan 2023, 06:25 PM

জাপানের জলসীমায় কার্গো জাহাজডুবির ঘটনায় একাধিক চীনা নাগরিকসহ ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চীনের এক কর্মকর্তা।

মঙ্গলবার সন্ধ্যায় জিন তিয়ান নামের কার্গো জাহাজটি ডুবে যাওয়ার পর থেকেই ক্রুদের সন্ধানে নেমে পড়ে উদ্ধারকর্মীরা।

জাপান কোস্ট গার্ড ও সামরিক বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের একাধিক নৌযান ও উড়োজাহাজের পাশাপাশি একাধিক বেসরকারি জাহাজও অভিযানে যুক্ত হয় বলে জানিয়েছে বিবিসি।

Image

জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলের সাগরে যেখানে কার্গো জাহাজটি ডুবেছে সেখানে ভাসতে থাকা একটি লাইফবোটের কাছে জাপানের কোস্ট গার্ডের জাহাজ।

ডুবে যাওয়ার সময় কার্গো জাহাজ জিন তিয়ানে ২২ ক্রু ছিল; মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমার কাছে, জাপানের দূর দক্ষিণপশ্চিমের জনমানবহীন দুর্গম দানজো দ্বীপপুঞ্জের ১১০ কিলোমিটার পশ্চিম থেকে বিপদ সঙ্কেত পাঠায়।

মৃতদের মধ্যে ৬ জনই চীনের নাগরিক বলে জানিয়েছেন জাপানের ফুকোওকা শহরে চীনের কনসাল জেনারেল লু গুইজুন।

জাপানি কর্তৃপক্ষ এখনও কার্গো জাহাজডুবিতে কতজনের মৃত্যু হয়েছে তা জানায়নি। বুধবার সর্বশেষ তারা ৯ ক্রুর নিখোঁজ থাকার কথা জানিয়েছিল।

মেরিন ট্রাফিকের দেওয়া তথ্য অনুযায়ী, হংকংয়ের পতাকাবাহী নৌযানটি গত মাসে মালয়েশিয়ার পোর্ট ক্লাং ত্যাগ করে, বুধবার জাহাজটির দক্ষিণ কোরিয়ার ইনচিওনে পৌঁছানোর কথা ছিল।