২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের হাতে ‘বন্দি’ তিন ব্রিটিশ নাগরিক

আটকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে, জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তালেবানের হাতে ‘বন্দি’ তিন ব্রিটিশ নাগরিক

কাবুল কুচকাওয়াজে সামরিক যানে তালেবান যোদ্ধারা। ফাইল ছবি। রয়টার্স থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 10:31 AM

Updated : 02 Apr 2023, 10:31 AM

আফগানিস্তানে তালেবানের হেফাজতে তিন ব্রিটিশ নাগরিক বন্দি আছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন।

বন্দিদের মধ্যে একজনের নাম কেভিন কর্নওয়েল, ৫৩ বছর বয়সী এই ব্যক্তি মিডলসব্রার বাসিন্দা বলে প্রেসিডিয়াম নেটওয়ার্ক নামের ওই মানবাধিকার সংগঠনের স্কট রিচার্ডস বিবিসিকে জানিয়েছেন।

কর্নওয়েল ও অনামা আরেক ব্যক্তিকে গত ১১ জানুয়ারি আটক করা হয়; তৃতীয় ব্রিটিশ নাগরিককে তালেবান পৃথক এক দিনে হেফাজতে নেয় বলেও রিচার্ডস নিশ্চিত করেছেন।

আটক তিনজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান প্রেসিডিয়াম নেটওয়ার্ক মূলত সংকটগ্রস্ত বিভিন্ন সম্প্রদায়কে সহায়তা করে; সহিংসতা বা দারিদ্র্যের কারণে ক্ষতিগ্রস্ত মানুষজনের প্রয়োজনের কথা আন্তর্জাতিক নীতি নির্ধারকদের কাছে ‍তুলে ধরে।

সংস্থাটি একটি দাতা সংস্থার হয়ে কাজ করা প্যারামেডিক কর্নওয়েল এবং অনামা ব্যক্তির প্রতিনিধিত্ব করছে, তৃতীয় ব্যক্তির নয়, বলেছেন রিচার্ডস।

তিনি জানান, ১১ জানুয়ারি আটক দুই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে ‘আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি’। কর্নওয়েলের ঘরে একটি সিন্দুকে থাকা আগ্নেয়াস্ত্রকে ঘিরে ওই দুইজনকে আটক করা হয়েছে বলে জানতে পেরেছেন তারা।

ওই আগ্নেয়াস্ত্রের সঙ্গে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু করা লাইসেন্সও সিন্দুকে ছিল বলে কর্নওয়েল দাবি করেছেন।

“কিন্তু লাইসেন্সটি পাওয়া যায়নি। যদিও আমরা একাধিক সাক্ষীর বিবৃতি নিয়েছি, যারা লাইসেন্সটি অস্তিত্বের কথা স্বীকার করেছেন এবং সেটি দেখেছেন।

“হতে পারে তল্লাশির সময় লাইসেন্সটি আগ্নেয়াস্ত্র থেকে আলাদা হয়ে গেছে। যে কারণে আমরা এই ঘটনাকে ভুল বোঝাবুঝি হিসেবে দেখছি,” বলেছেন রিচার্ডস।

তৃতীয় যে ব্রিটিশ নাগরিক তালেবানের হাতে ‘বন্দি’ রয়েছেন তিনি ২৩ বছর বয়সী মাইলস রুটলেজ বলে মনে করছে বিবিসি। বার্মিংহামের এই বাসিন্দাকে ২০২১ সালের অগাস্টে ব্রিটিশ সশস্ত্র বাহিনী আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছিল।

লাফবারা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বিভিন্ন ‘বিপজ্জনক’ দেশ ভ্রমণ করে, সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ভ্রমণের ভিডিও দিয়ে নজর কেড়েছেন।

আফগানিস্তান বেছে নেওয়ার কারণ হিসেবে আগে তিনি বলেছিলেন, তিনি ‘অন্ধকার’ ও ‘চরমপন্থী’ পর্যটন উপভোগ করেন।

দুই বছরেরও কম সময় আগে আফগানিস্তান থেকে বের হয়ে আসার পর রুটলেজ বিবিসিকে বলেছিলেন, তিনি ‘ক্লান্ত হয়ে পড়লেও স্বস্তি পেয়েছেন’। কাবুল থেকে যুক্তরাজ্যের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজে মোতায়েন করা ব্রিটিশ সেনাবাহিনীকে ধন্যবাদও দিয়েছিলেন তিনি।

স্কাই নিউজকে রিচার্ডস জানান, তিনজনই ভালো আছেন এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে বলে জানতে পেরেছেন তারা।

“নির্যাতনের মতো নেতিবাচক কিছু তাদের সঙ্গে হচ্ছে এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই আমাদের। এই পরিস্থিতিতে যতটা ভালো থাকা যায়, তারা ততটা আছে বলে আমাদের জানানো হয়েছে,” বলেছেন তিনি।

প্রেসিডিয়াম নেটওয়ার্ক যে দুইজনকে সহায়তা করছে, তাদের সঙ্গে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের ‘কোনো অর্থবহ যোগাযাগ’ হয়নি, বলেছেন রিচার্ডস।