৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ট্রাফিক সংকটে রেডিট, এখন থেকে কনটেন্ট দেখতে লাগবে লগইন

এআই মডেলগুলোর ডেটা স্ক্র্যাপিং ও ইন্টারনেট সার্চ ইঞ্জিনে আসা পরিবর্তনের মুখে টিকে থাকতে এটা রেডিটের এযাবৎকালের সবচেয়ে বড় সিদ্ধান্ত।

ট্রাফিক সংকটে রেডিট, এখন থেকে কনটেন্ট দেখতে লাগবে লগইন

সার্চ জায়ান্ট গুগলের সঙ্গে রেডিটের বর্তমান সম্পর্কটাও বেশ জটিল ও দ্বিমুখী। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 04:07 PM

Updated : 31 Oct 2026, 04:07 PM

এখন থেকে অ্যাকাউন্ট ছাড়া বা লগইন না করে রেডিটে কোনো কনটেন্ট দেখা যাবে না বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী।

অনুসন্ধানের মাধ্যমে আসা ব্যবহারকারীর সংখ্যা বা ‘সার্চ ট্রাফিক’ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার প্রেক্ষিতে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে সামাজিক প্ল্যাটফর্মটি।

যুক্তরাষ্ট্রের বাইরের ‘নির্দিষ্ট কিছু বাজারে’ পরীক্ষামূলকভাবে শুরু হতে যাওয়া এই নীতি চালুর মাধ্যমে উন্মুক্ত ব্রাউজিং ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে প্রধান নির্বাহী স্টিভ হাফম্যান বলেছেন, “নতুন দর্শকদের ধরে রাখার ক্ষেত্রে অন্যতম মূল পদক্ষেপ হচ্ছে রেডিটকে লগইন-অনলি অভিজ্ঞতায় রূপান্তর করা।

“প্ল্যাটফর্মটিতে প্রবেশের ক্ষেত্রে প্রধানত লগইন বাধ্যতামূলক করা হলে আমাদের ব্যবহারকারীরা সেরা অভিজ্ঞতা এবং তাদের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক কনটেন্ট ও কমিউনিটিগুলো সহজেই খুঁজে পাবেন।”

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলগুলোর ডেটা স্ক্র্যাপিং ও ইন্টারনেট সার্চ ইঞ্জিনে আসা পরিবর্তনের মুখে টিকে থাকতে রেডিটের এটা এযাবৎকালের সবচেয়ে বড় সিদ্ধান্ত।

তবে সিদ্ধান্তটি ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ তৈরি করতে পারে, বিশেষ করে পুরনো ইন্টারফেইস বা ‘ওল্ড রেডিট’-এর ওপর একের পর এক বিধিনিষেধের কারণে যারা এমনিতেই অসন্তুষ্ট রয়েছেন।

হাফম্যান বলেছেন এটা ‘বড় পরিবর্তন’ হলেও কোম্পানির স্বার্থে দরকারি।

“এ পদক্ষেপ আমাদের ব্যবসার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। কারণ, এর মাধ্যমে বিজ্ঞাপনের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ বা ‘অ্যাড টার্গেটিং’-এর জন্য আমাদের কাছে আরও নিখুঁত সংকেত থাকবে।

“পাশাপাশি লগইন করা অবস্থায় ব্যবহারকারীদের সক্রিয়তা ও এনগেজমেন্ট বেশি থাকে। এতে রেডিটের মূল্যবান ডেটা ভাণ্ডারের সুরক্ষা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে নতুন নতুন নীতি ও নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াও আমাদের জন্য সহজ হবে।”

হাফম্যান সরাসরি বয়স যাচাইকরণ আইনের কথা উল্লেখ করেননি। তবে ব্যবহারকারীদের লগইন বাধ্যতামূলক করা হলে বয়স সংক্রান্ত আইনি শর্তাবলি মেনে চলা সম্ভবত সহজ হবে।

লগইন ছাড়া ব্রাউজ করার সময় ঠিক কোন পর্যায়ে এসে ব্যবহারকারীরা বাধ্যতামূলক লগইন স্ক্রিনের মুখে পড়বেন সে বিষয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানান হাফম্যান।

কোম্পানির তৃতীয় প্রান্তিকের আয় সম্পর্কিত ব্রিফিংয়ে তিনি বলেছেন, “আমাদের সঠিক সীমানা নির্ধারণ করতে হবে। কেউ যদি শেয়ার করা কোনো লিংক বা সার্চ ইঞ্জিন থেকে আসে তবে সেই হার্ড প্রম্পট দেখানোর আগে হয়ত তাদের জন্য স্বল্প পরিসরে রেডিট ব্যবহারের সুযোগ থাকবে।”

দীর্ঘদিন ধরে অনলাইন সার্চ ইঞ্জিনের বর্তমান পরিস্থিতি ও গুগল ‘এআই ওভারভিউ’ ফিচার নিয়ে অসন্তোষ প্রকাশের পর এবার সরাসরি ও স্পষ্টভাবে তোপ দেগেছেন রেডিটের প্রধান নির্বাহী।

“বাস্তবতা হল, গুগলের এআই মোড অন্য কোথাও তো নয়ই, আমাদের প্ল্যাটফর্মেও কোনো ট্রাফিক পাঠায় না। কাজেই গুগলের কাজ করার সার্বিক ধরনেই একটা মৌলিক পরিবর্তন চলে এসেছে। আগে সার্চ ইঞ্জিন ট্রাফিকের মূল উৎস থাকলেও এখন আর তা নেই।”

কোম্পানিটির সাম্প্রতিক প্রান্তিক প্রতিবেদনে বলা হয়েছে, শেষ প্রান্তিকে অনুসন্ধান বা সার্চ থেকে আসা ট্রাফিকের পরিমাণ ‘ব্যাপকহারে কমেছে’।

অক্টোবরজুড়ে সার্চ ইঞ্জিনের রেফারেল থেকে আসা ব্যবহারকারীর সংখ্যা প্রতি সপ্তাহে ১০ লাখেরও বেশি করে কমেছে।

সার্চ জায়ান্ট গুগলের সঙ্গে রেডিটের বর্তমান সম্পর্কটাও বেশ জটিল ও দ্বিমুখী।

এআই মডেল প্রশিক্ষণের উদ্দেশ্যে রেডিটের মূল্যবান ডেটা ব্যবহারের জন্য গুগলের সঙ্গে তাদের বড় লাইসেন্স চুক্তি রয়েছে, যার আনুমানিক বাজারদর বছরে প্রায় ৬ কোটি ডলার।

সম্প্রতি প্রকাশ পাওয়া বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, গুগলের সঙ্গে এই ডেটা আদান-প্রদানের চুক্তিটি পুনর্বিবেচনা করার কথা ভাবছে রেডিট।

আয়ের হিসাব দেওয়ার ব্রিফিংয়ে এই বিষয়ে জানতে চাওয়া হলে বিস্তারিত কিছু না জানিয়ে হাফম্যান বলেছেন, এ নিয়ে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ চলছে।

“আমরা যে চুক্তিতেই যাই না কেন তা যেন আমাদের দীর্ঘমেয়াদী কৌশলকে এগিয়ে নিয়ে যায় ও সেখানে মূল্যের ন্যায্য বিনিময় থাকে।”

প্ল্যাটফর্মটিতে নিয়মিত লগইন করা ব্যবহারকারীদের যুক্ত রাখার হার বা ‘এনগেজমেন্ট’ বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু নতুন প্রযুক্তিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন হাফম্যান।

মূল ফিডকে আরও সুবিন্যস্ত করতে কোম্পানি কাজ করছে জানিয়ে রেডিট প্রতিষ্ঠাতা বলেছেন, মূল ফিডকে বর্তমানের চেয়ে ‘আরও ধারাবাহিক ও কম অগোছালো’ করে সাজানো হচ্ছে।

পাশাপাশি ব্যবহারকারীদের জন্য ‘ইনকগনিটো মোড’ বা ‘প্রাইভেট ব্রাউজিং’ সুবিধা যোগের সম্ভাবনার কথাও বলেছেন তিনি।

এ প্রাইভেট ব্রাউজিং সুবিধা যোগ হলে যেসব ব্যবহারকারী বারবার রেডিট অ্যাপ আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করেন তাদের বড় সমস্যার স্থায়ী সমাধান হবে।