আটক সেনা নিয়ে ফোন কলে সাড়া দিচ্ছে না উত্তর কোরিয়া: যুক্তরাষ্ট্র
কোনও অনুমতি ছাড়াই উত্তর কোরিয়ায় ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের সেনা সেখানে আটক হয়েছেন বলে জানিয়েছিল সীমান্ত এলাকা তদারককারী জাতিসংঘ কমান্ড।
কড়া নিরাপত্তাধীন সীমানা পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়া মার্কিন সেনার মুক্তি নিয়ে আলোচনার চেষ্টায় যুক্তরাষ্ট্রের ফোন কলে সাড়া দিচ্ছে না পিয়ংইয়ং। ওয়াশিংটন বৃহস্পতিবার একথা জানিয়েছে।
কোনও অনুমতি ছাড়াই উত্তর কোরিয়ায় ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের সেনা সেখানে আটক হয়েছেন বলে জানিয়েছিল সীমান্ত এলাকা তদারককারী জাতিসংঘ কমান্ড।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন পরে সেনার পরিচয় জানিয়ে বলে, তার নাম ট্র্যাভিস কিং। ২৩ বছর বয়সী এই ব্যক্তি একজন প্রাইভেট সেকেন্ড ক্লাস পদমর্যাদার মার্কিন সেনা সদস্য।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, পেণ্টাগন উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। তবে এখন পর্যন্ত তাতে কোনও সাড়া পাওয়া যায়নি।
উত্তর কোরিয়ার পক্ষ থেকে ট্র্যাভিস কিং সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তিনি কী অবস্থায় আছেন তা সম্পর্কেও কিছু জানা যায়নি। তিনি পক্ষ বদল করেছেন নাকি উত্তর কোরিয়া থেকে তার ফেরত আসার আশা আছে তাও স্পষ্ট নয়।
তবে বিশেষজ্ঞরা বলছেন, নিম্ন-পদমর্যাদার একজন সেনা সদস্য হওয়ার কারণে তাকে নিয়ে প্রপাগান্ডা কম এবং তার গোয়েন্দা মূল্যও কম। ফলে উত্তর কোরিয়া হয়ত তাকে মুক্তি দিতে পারে। তবে তার পরিণতি কী হবে তা এখনও অনেকটাই অনিশ্চিত।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি আটককেন্দ্রে ছিলেন ট্র্যাভিস কিং। তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল। এজন্য এক সপ্তাহ আগে তাকে দক্ষিণ কোরিয়ার আটককেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়। আর তখনই তিনি পালিয়ে যান।
যুক্তরাষ্ট্রে ফেরার বিমানে তিনি আর ওঠেননি; বরং দুই কোরিয়ার যৌথ নিরাপত্তা এলাকার এক সীমান্ত সফরে সামিল হন। এ সফরের সময়ই সীমান্ত অতিক্রম করে তিনি উত্তর কোরিয়ায় চলে যান।
এ ঘটনা এমন সময় ঘটেছে, যখন উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।
গত কয়েক বছর ধরে দু’দেশের সম্পর্কে টানাপড়েন চলছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া একের পর এক পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে।
