বাগযুদ্ধ ভুলে বন্ধুত্ব, নিউ ইয়র্কে মামদানির সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। উঠেছেন ম্যানহাটনে মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে। সেখানেই মামদানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে প্রার্থী জোহরান মামদানির নামে কত কী-ই না বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ‘কমিউনিস্ট উন্মাদ’সহ আরও অনেক কড়া ভাষায় মামদানির সমালোচনা করেছিলেন তিনি ।
পাল্টা মামদানিও কড়া ভাষায় ট্রাম্পের সমালোচনা করতে ছাড়েননি। তিনি ট্রাম্পকে প্রকাশ্যে স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট বলে অভিহিত করেছিলেন। সেই তিক্ত বাগযুদ্ধ ভুলে এবার বন্ধুত্বই দেখা গেল দুইজনের মধ্যে।
নিউ ইয়র্কের মেয়র পদে মামদানির জয়ের পরই কিছুটা সুর নরম করেছিলেন ট্রাম্প। এবার তিনি মামদানির প্রশংসায় হয়েছেন পঞ্চমুখ। সোমবার মামদানির সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প বলেছেন, “তিনি নিউ ইয়র্কের দারুণ মেয়র হবেন।”
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন ট্রাম্প। উঠেছেন ম্যানহাটনে মেয়র মামদানির সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে। সোমবার সেখানেই ট্রাম্পের সঙ্গে দেখা করেন মামদানি। দুইজন রুদ্ধদ্বার বৈঠকও করেছেন।
এর আগে হোয়াইট হাউজে দু’বার তাদের মুখোমুখি বৈঠক হয়েছিল। তবে নিউ ইয়র্কে এটাই প্রথম। প্রায় এক ঘণ্টার বৈঠকে মূলত অভিবাসন এবং স্বল্প মূল্যে বাড়ি তৈরির প্রকল্প নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ও মামদানির আচরণকে বন্ধুত্বপূর্ণ বলেই মনে হয়েছে। আর ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মামদানিকে নিয়ে যে উষ্ণ মন্তব্য ট্রাম্প করেছেন তা অনেকের কাছেই অস্বাভাবিক শোনাবে।
কারণ, আগামী নভেম্বরের মধ্যবর্তী মার্কিন প্রসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প ও তার রিপাবলিকান মিত্ররা কয়েক মাস ধরে মামদানিকে ডেমোক্রেটিক পার্টির ‘কমিউনিজম’ গ্রহণের প্রতীক হিসেবে তুলে ধরছেন।
তবে নিউ ইয়র্কের বৈঠকে ফুরফুরে মেজাজেই ছিলেন ট্রাম্প আর মামদানি। দু’জনেই একে অন্যের প্রশংসা করেছেন। ট্রাম্প এও বলেছেন যে, “মামদানিকে একজন সফল মেয়র হিসেবে দেখতে চাই। এটাই আমার ইচ্ছা।” তবে কেবল তাই নয়, “মামদানির মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে” বলেও মন্তব্য করেন ট্রাম্প।
ওদিকে, মামদানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সদিচ্ছার প্রশংসা করেছেন। নিউ ইয়র্কে ট্রাম্পের কোম্পানির একাধিক আবাসন নির্মাণের প্রসঙ্গে তিনি বলেন, “ট্রাম্প এমন একজন ব্যক্তি, যার হাউজিয়ে বিপুল অভিজ্ঞতা রয়েছে।”
নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে কুইন্সের সানিসাইড ইয়ার্ড এলাকায় ১২ হাজার বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। যাতে নাম মাত্র দামে মাথা গোঁজার ঠাঁই পান নিম্নবিত্তরা। সোমবার বৈঠকের পরে ট্রাম্প বলেন, ওই এলাকা নিয়ে বহুবছর ধরে আলোচনা চলছে। এবার হয়ত কাজ হবে।
নিউ ইয়র্কের অভিবাসীদের নিরাপত্তা নিয়েও ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মামদানি। তিনি বলেন, “কোন কোন ক্ষেত্রে নগর প্রশাসন এবং কেন্দ্রীয় সরকার একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়েই মূলত কথা হয়েছে।”
মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার আগে গ্রেসি ম্যানশনে গিয়ে নিউ ইয়র্কের ৩৪ বছর বয়সী প্রথম মুসলিম মেয়র মামদানিকে যেন সম্মানই প্রদর্শন করলেন ট্রাম্প।
নিউ ইয়র্কের এই বাসভবনে ৪৫ বছর আগে সর্বশেষ কোনও মার্কিন প্রেসিডেন্ট পা রেখেছিলেন। ১৯৮১ সালে সেই সময়কার প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান সেখানকার মেয়র এড কোচের সঙ্গে বৈঠক করেন। তারপর গ্রেসি ম্যানসনে ট্রাম্পের এই পদার্পণটাই সেখানে কোনও মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফর।
ট্রাম্পকে কেন নিউ ইয়র্কে আমন্ত্রণ জানিয়েছিলেন, জানতে চাইলে মামদানি বলেন, নিউ ইয়র্কবাসীর জন্য ‘কিছু করতে পারেন’ এমন যে কারও সঙ্গে তিনি কাজ করতে প্রস্তুত। কুইন্সের সানিসাইড ইয়ার্ডে নতুন আবাসন ইউনিট নির্মাণে তারা দুজনই আগ্রহী বলে উল্লেখ করেন তিনি।
দুই নেতার শরীরী ভাষাতেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত মিলেছে। মামদানি বক্তৃতার মঞ্চে কথা বলার সময় ট্রাম্প এক পাশে দাঁড়িয়ে ছিলেন। সংবাদ সম্মেলন শেষে তিনি মামদানির বাহুতে সস্নেহে দুবার হাত রাখেন।
