কানাডায় জাতীয় উদ্যানে ভালুকের আক্রমণে দুই জনের প্রাণহানি
শনিবার ভোরে ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ খুঁজে পায় পার্ক কর্তৃপক্ষ।
কানাডার ব্যানফ জাতীয় উদ্যানে ভালুকের আক্রমণে দুই ব্যক্তি ও তাদের কুকুরের প্রাণহানির খবর জানিয়েছেন দেশটির উদ্যান কর্তৃপক্ষ। আক্রমণাত্মক আচরণ করতে থাকায় ভালুকটিকেও মেরে ফেলা হয়েছে বলে জানিয়েছে তারা।
শনিবার রাতে পার্ক কানাডা এক বিবৃতিতে এ কথা জানায়। তারা জানায়, উদ্যানের ইয়া হা টিন্ডা র্যাঞ্চের পশ্চিমে রেড ডিয়ার রিভার ভ্যালিতে ভালুকের আক্রমণের সংকেত তারা শুক্রবার রাতেই পায়।
আবহাওয়া খারাপ কারণে হেলিকপ্টার ব্যবহার করতে পারেনি উদ্ধারকারীরা। দলগুলো হেঁটে ঘটনাস্থলে রওয়ানা হয়। শনিবার ভোরে ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ খুঁজে পায় তারা।
রয়টার্সের অনুরোধেও পার্ক কানাডা নিহতদের পরিচয় জানাতে রাজি হয়নি।
তবে বেয়ার সেইফটি অ্যান্ড মোর নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা এবং নিহতদের বন্ধু কিম টিচেনার জানিয়েছেন, এ ঘটনায় এক কানাডীয় দম্পতি ও তাদের কুকুর নিহত হয়েছে।
টিচেনার বলেন, “বনে ঘুরতে আসা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, তারা এখানে সেখানে ঘুরে বেড়ানোয় ভালুকের সামনে পড়ে যাওয়া ঘটনাও বাড়ছে। তবে এ ধরনের মারাত্মক হামলার ঘটনা বিরল।
“অনেক লোক ঘুরতে আসছে কিন্তু তারা জানে না এসব পরিস্থিতিতে কী করতে হবে।”
বিশ্বব্যাপী গ্রিজলি ভালুকের আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটে ১৪ শতাংশ ক্ষেত্রে। শীতকালের প্রবল ঠাণ্ডার মাসগুলো ভালুক শীতনিদ্রায় কাটায়। তার আগে শরৎকালে তারা খাবারের সন্ধানে থাকে, তখনই ভালুক বেশি চোখে পড়ে।
ব্যানফ জাতীয় উদ্যানে গ্রিজলি ও কালো, দুই ধরনের ভালুকই আছে। প্রতি বছর এই বনে ৪০ লাখেরও বেশি পর্যটক ঘুরতে আসেন। সংবাদসূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
