জার্মানিতে তিন হাজার বছর আগের তলোয়ারের সন্ধান
দক্ষিণাঞ্চলীয় নথলিংগান শহরের কাছে একটি প্রাচীন কবরখানায় মাটি খুঁড়ে এটি পাওয়া যায়।
জার্মানিতে প্রাচীন একটি ব্রোঞ্জের তলোয়ারের সন্ধান পাওয়া গেছে। প্রত্নতাত্বিকরা বলছেন, তিন হাজার বছরের বেশি পুরোনো এ তলোয়ারটি।
দক্ষিণাঞ্চলীয় নথলিংগান শহরের কাছে একটি প্রাচীন কবরখানায় মাটি খুঁড়ে এটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, খ্রিষ্টপূর্ব ১৪ শতকের শেষের দিককার তলোয়ার এটি।
তলোয়ারটি এখনও চকচক করছে। তার ধারও এতটুকু নষ্ট হয়নি বলে জানিয়েছে বাভারিয়া রাজ্যর মনুমেন্ট প্রটেকশন কার্যালয়।
বিবিসি জানায়, তলোয়ারটি যে কবরখানায় পাওয়া গেছে সেখানে একটি নারী, পুরুষ ও বালকের হাড়গোড় এবং অন্যান্য ব্রোঞ্জ এর জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। মৃত ওই তিনজনের মধ্যে কোনও সম্পর্ক ছিল কিনা তা এখনও নিশ্চিত হতে পারেননি প্রত্নতাত্ত্বিকরা।
কর্তৃপক্ষ বলছে, তলোয়ারের হাতল বসানো ছিল ব্লেডের ওপরে, এ ধরনের তলোয়ার তৈরি করা কঠিন।
প্রত্নতাত্ত্বিকরা বলেছেন, ধারণা করা হচ্ছে, তলোয়ারটি আক্রমণ করার জন্য ব্যবহার করা হয়নি। তবে এটি আসল অস্ত্র, অলংকারিক কিছু নয় বলেই বিশ্বাস তাদের।
