নেতানিয়াহুর বিদায় ঘণ্টা কি বেজে গেছে?
প্রায় দুই দশক ধরে ইসরায়েলের রাজনীতির শীর্ষ পর্যায়ে অবস্থান করছেন বেনইয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে গত শনিবার গাজার সশস্ত্র হামাস গোষ্ঠীর যোদ্ধারা যে প্রচণ্ড আক্রমণ করেছে তার জেরে ব্যর্থতার দায় মাথায় নিয়ে ক্ষমতা ছাড়তে হতে পারে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে।
যদিও এখনও এ নিয়ে কথা শুরু হয়নি। দেশটির বিরোধীদলগুলো এখন রাজনৈতিক বিবাদে না জড়িয়ে বরং বিমান হামলা চালিয়ে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে নিজেদের ‘মহাশক্তিশালী’ সামরিক বাহিনীর ভাবমূর্তি কতটা উদ্ধার করা যায় সেটাই হয়তো দেখতে চাইছে।
তিন দশকের বেশি সময় ধরে ইসরায়েলের রাজনীতিতে সক্রিয় নেতানিয়াহু তার বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন সময় বিভিন্ন নাম পেয়েছেন। পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেওয়ার জন্য তাকে ‘দ্য ম্যাজিশিয়ান’ নাম দেওয়া হয়েছে। ইসরায়েলের রাজনীতিতে অন্য যে কোনও নেতার চেয়ে বেশি সময় ধরে শীর্ষস্থানে থাকার কারণে তাকে ‘কিং বিবি’ ডাকা হয়।
তার আরো একটি ডাকনাম আছে, যেটি তিনি সম্ভবত সবচেয়ে বেশি উপভোগ করেন। সেটি হলো ‘মিস্টার সিকিউরিটি’। কিন্তু শনিবারের হামলার পর তার এই ডাকনাম প্রশ্নের মুখে পড়েছে।
ওই দিন কীভাবে এত সব কাণ্ড ঘটে গেল? কীভাবে হামাসের এক হাজারের বেশি যোদ্ধা ইসরায়েলে প্রবেশ করে এত ভয়ঙ্কর ও রক্তক্ষয়ী হামলা চালাতে সক্ষম হল তা এখনও অস্পষ্ট। হামাসের হামলার মাত্রায় ও ভয়াবহতায় ইসরায়েলসহ পুরো বিশ্বকে হতভম্ব করে দিয়েছে।
ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ লিখেছেন, হলোকাস্টের পর এক দিনে এত বেশিসংখ্যক ইহুদি নিহতের ঘটনা আর ঘটেনি।
তবে আপাতত ইসরায়েলে বিরোধী পক্ষ নেতানিয়াহুকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছে না। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, কাকে দায়ী করা হবে, কেন এভাবে আমাদের হতভম্ব হতে হল, তা নিয়ে এখন তারা আলোচনা করছেন না।
“কারণ, এখন এই আলোচনার সময়ও না, স্থানও না।”
সিএনএন এর বিশ্লেষণে বলা হয়, তবে সেই সময় আসবে। ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রধান রাজনৈতিক ভাষ্যকার অমিত সেগালের মতে, এ ঘটনার জেরে নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব যদি টিকে যায়, তাহলে তিনি অবাকই হবেন। আর তেমনটা হলে তা একটি নজির স্থাপন করবে বলেও জানান তিনি।
অমিত সেগাল বলেন, “ইসরায়েলের ইতিহাস আমাদের শিখিয়েছে যে প্রতিটি অপ্রত্যাশিত ঘটনা ও সংকট সরকারকে পতনের দিকে নিয়ে গেছে। ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর গোল্ডা মেয়ার, ১৯৮২ সালে প্রথম লেবানন যুদ্ধের পর মেনাখেম বেগিন এবং ২০০৬ সালের দ্বিতীয় লেবানন যুদ্ধের পর এহুদ ওলমার্টের সরকারের পতন হয়েছে।
“নেতানিয়াহুর জন্যও ঘড়ির কাঁটা টিক টিক করছে।”
হামাসের হামলার পর সবচেয়ে বেশি যে আলোচনা হচ্ছে সেটা হলো, কীভাবে ইসরায়েলের চৌকষ গোয়েন্দা বাহিনী হামাসের এই হামলার বিষয়ে বিন্দুবিসর্গ আঁচ করতে পারলো না?
শেষবার ইসরায়েলের গোয়েন্দারা এইমাত্রায় ব্যর্থ হয়েছিল প্রায় অর্ধ শতাব্দী আগে। যখন মিশর ও সিরিয়া ইসরায়েলে আক্রমণ করেছিল। যা ‘ইয়োম কিপু’ যুদ্ধ নামে পরিচিত।
হামাসের হামলার দিনই নেতানিয়াহু বলেছেন, তার দেশ যুদ্ধের মধ্যে আছে। ইসরায়েল আকাশ থেকে হামলা চালিয়ে গাজাকে ধ্বংস করে দিচ্ছে। ভূমধ্যসাগরের উপকূলের এই ছিটমহলটিকে ‘সম্পূর্ণ অবরোধ’ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তারা গাজায় স্থল হামলার প্রস্তুতিও নিচ্ছে।
তারপরও ইসরায়েলকে হামাসের সঙ্গে আলোচনায় বসতে হবে। এবং খুব সম্ভবত মিশরকে মধ্যস্থতাকারী হিসেবে ধরে। কারণ, হামাস প্রায় দেড়শ ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে গেছে। তাদের মুক্ত করার একটা উপায় নেতানিয়াহুকে খুঁজে বের করতেই হবে।
এটিা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য একটি কঠিন সিদ্ধান্ত হতে চলেছে। এবার প্রধানমন্ত্রী হওয়ার পর বিচার বিভাগের বিতর্কিত এবং বিভাজনমূলক সংশোধন প্রস্তাবের কারণে গত ১০ মাস ধরে গণবিক্ষোভ সামাল দিতে হয়েছে নেতানিয়াহুকে। সঙ্গে ছিল দুর্নীতির মামলা এবং অসুস্থ হয়ে প্রায় মৃত্যুর কাছাকাছি চলে যাওয়ার অভিজ্ঞতা, যে কারণে দেশে নিজের ভাবমূর্তি নিয়ে বেশ বেকায়দায় ছিলেন এই নেতা।
গবেষণা প্রতিষ্ঠান ইসরায়েল ডেমোক্রেসি ইন্সটিটিউট এর প্রেসিডেন্ট ইওহানান প্লেসনার বলেন, “এই মুহূর্তে ইরায়েলিরা সবার শেষে যে বিষয়টি নিয়ে চিন্তিত সেটা হলো নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার।”
বরং নেতানিয়াহুর সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলিদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছিল হামাসের হামলা সেটা দূর করে তাদের আবারও একত্রিত করেছে বলে মনে করেন তিনি।
এর আগেও অসংখ্যবার বিবি শেষ হতে হতেও ফিরে এসেছেন। তিনি দুর্দান্ত প্রতাপে ফিরেছেন, টার্মিনেটরের মত শত্রুপক্ষকে পরাস্ত করতে। এবার অবশ্য পরিস্থিতি অতীতের চেয়ে ভিন্ন। এবার তাকে এমন একটি যুদ্ধে জড়াতে বাধ্য করা হয়েছে, যা তিনি নিজের ইচ্ছায় বেছে নেননি। তাই অন্য অনেক কিছুতেই তিনি বিভ্রান্ত হতে পারেন।
