২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাখমুতের কাছে প্রতিরোধ গড়লেও ‘দক্ষিণে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি’

ইউক্রেইনের পাল্টা আক্রমণের প্রথম ভাগে এখন পর্যন্ত নিজেদের দখলে থাকা কোনো এলাকা হারানোর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি রাশিয়া।

বাখমুতের কাছে প্রতিরোধ গড়লেও ‘দক্ষিণে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি’

ছবি রয়টার্স থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2023, 11:20 PM

Updated : 17 Jun 2023, 12:04 AM

ইউক্রেইনের সামরিক বাহিনীর প্রধান কর্নেল জেনারেল ওলেকসান্দর সিরস্কিয়ি বলেছেন, পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের কাছে আগুয়ান কিইভ বাহিনী রুশ সেনাদের ‘মরিয়া প্রতিরোধের’ মুখে পড়েছে, তবে দক্ষিণে মস্কোর বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেইনের পাল্টা আক্রমণের প্রথম ভাগে এখন পর্যন্ত নিজেদের দখলে থাকা কোনো এলাকা হারানোর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি রাশিয়া। উল্টো কিইভ বাহিনীই ব্যাপক সৈন্য ও যুদ্ধাস্ত্র হারিয়েছে বলে দাবি তাদের।

দুই পক্ষের এই পাল্টাপাল্টি দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

ইউক্রেইনের স্থলবাহিনীর দায়িত্বে থাকা সিরিস্কিয়ি বলেছেন, পূর্বাঞ্চলে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ, এর মধ্যে বাখমুতে রাশিয়া তার সেরা সেনাদলগুলোকে নিয়ে এসেছে, সঙ্গে তাদের কামান এবং যুদ্ধবিমানও আছে।

“আমরা আলাদা আলাদা দিকে আক্রমণ চালিয়ে যাচ্ছি, শত্রুদের বাখমুতের উপকণ্ঠ থেকে ক্রমশ হটিয়ে দিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উঁচু এলাকা, বনাঞ্চলের নিয়ন্ত্রণ নিচ্ছি। এটা বুঝতে পেরে শত্রুরা মরিয়ে প্রতিরোধ গড়ে তুলছে,” মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন সিরিস্কিয়ি।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে মস্কোর অভিযান শুরুর পর থেকে বাখমুতই দুই পক্ষের সবচেয়ে রক্তক্ষয়ী ও তুমুল লড়াই দেখেছে। গত সপ্তাহে ইউক্রেইন বলেছে, তারা বাখমুত থেকে রুশ সেনাদের হটানোর কাজ শুরু করেছে।

কিইভবাহিনী দক্ষিণাঞ্চলে অগ্রসর হচ্ছে বলেও দাবি করেছেন সিরিস্কিয়ি। বৃহস্পতিবার ইউক্রেইন বলেছিল, তারা এক সপ্তাহের পাল্টা-আক্রমণেই রুশ সেনাদের কাঝ থেকে প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকার পুনর্দখল নিতে সক্ষম হয়েছে।

ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় তাভ্রিলা সেক্টরের সেনাদের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওলেকসান্দর তারনাভস্কি বলেছেন, ওই এলাকায় শেষ ২৪ ঘণ্টায় রাশিয়ার বিপুল সৈন্য হতাহত হয়েছে।

“শত্রুদের হতাহতের পরিমাণ ৪ কোম্পানিরও বেশি,” টেলিগ্রামে এমনটাই দাবি করেছেন তিনি।

একটি কোম্পানিতে সাধারণত ১০০ থেকে আড়াইশ সেনা থাকে।

এ বিষয়ে রাশিয়া বা তাদের সমর্থিত ব্লগাররা কিছু বলেনি। টেলিগ্রামের রুশপন্থি চ্যানেলেও কিছু বলা হয়নি।