২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাখমুত থেকে সেনা প্রত্যাহারের হুমকি ওয়াগনার প্রধানের

গোলাবারুদের সরবরাহ না বাড়ালে আগামী বুধবারের মধ্যে নিজের কথা বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন তিনি।

বাখমুত থেকে সেনা প্রত্যাহারের হুমকি ওয়াগনার প্রধানের

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2023, 04:34 PM

Updated : 06 May 2023, 11:49 AM

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন ইউক্রেইনের বাখমুত শহর থেকে নিজের সেনাদের প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছেন। 

গোলাবারুদের সরবরাহ না বাড়ালে আগামী বুধবারের মধ্যে (১০ মে) নিজের কথা বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, যোদ্ধাদের মৃতদেহের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এমন একটি ভিডিও পোস্ট করে রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সরবরাহ আরও বাড়ানোর জন্য  তাগাদা দিয়েছিলেন তিনি, এবার এল তার এ বিবৃতি।  

কৌশলগতভাবে কম গুরুত্বপূর্ণ হলেও রাশিয়া বাখমুত দখল করার জন্য কয়েকমাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সরাসরি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জবাব চেয়ে প্রিগোজিন বলেন, “শোইগু! গেরাসিমভ! গোলাবারুদ কোথায়? তারা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে এসেছে আর মারা যাচ্ছে তোমাদের মেহগনি দপ্তরে তোমাদের মোটাতাজা করার জন্য।” 

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেগেই শোইগু ও চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ প্রায়ই প্রিগোজিনের ক্ষোভের মুখে পড়েন। 

মাত্র গত সপ্তাহে তিনি রাশিয়ার একজন যুদ্ধপন্থি ব্লগারকে বলেছেন, বাখমুতে থাকা ওয়াগনার যোদ্ধাদের বুলেট সরবরাহ শেষ পর্যায়ে নেমে এসেছিল, তাদের হাজার হাজার রাউন্ড গুলি দরকার।

ঘাটতি মেটানো না গেলে তার ভাড়াটে সেনারা হয় পিছু হটতে বাধ্য হবে অথবা যেখানে আছে সেখানে থেকে মারা যাবে, সতর্ক করেন তিনি; বলেন, “তখন আমাদের আমলারা যাই চান না কেন সবকিছু চূর্ণবিচূর্ণ হয়ে যাবে।” 

প্রিগোজিন জানিয়েছেন, তারা বাহিনীগুলো রাশিয়ার ৯ মে-র (মঙ্গলবার) ‘বিজয় দিবস’ উদযাপনের জন্য ১০ মে পর্যন্ত বাখমুতে থাকতে রাজি হয়েছে।  

 ফেব্রুয়ারিতে তিনি তার মৃত সেনাদের আরেকটি ছবি প্রকাশ করে তাদের মৃত্যুর জন্য রাশিয়ার সেনাবাহিনীর প্রধানকে দায়ী করেছিলেন। তখন রাশিয়ার সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপকে ‘ইচ্ছাকৃতভাবে গোলা সরবরাহ করা হচ্ছে না’ এমন অভিযোগ প্রত্যাখ্যান করে যুদ্ধ ক্ষেত্রে সরবরাহ বাড়িয়ে সাড়া দিয়েছিল।

বিবিসি বলছে, প্রিগোজিন একজন প্রচারকামী ব্যক্তি আর তার প্রভাব সাম্প্রতিক মাসগুলোতে আপাতদৃষ্টিতে হ্রাস পেয়েছে। এর আগেও তিনি বিভিন্ন হুমকি দিয়েছিলেন কিন্তু পরে তা বাস্তবায়ন করেননি, পরবর্তীতে সেগুলোকে কৌতুক ও সামরিক রসিকতা বলে উড়িয়ে দিয়েছেন।

আরও খবর:

পুরনো খবর:

আন্তর্জাতিক সম্মেলনে রাশিয়ার প্রতিনিধির মুখে ঘুষি ইউক্রেইনের এমপির
জেলেনস্কিকে ‘চিরতরে মুছে ফেলা’ ছাড়া উপায় নেই : মেদভেদেভ
ক্রেমলিনে ড্রোন হামলার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র: রাশিয়া