যুদ্ধবিরতি আলোচনায় মিশরে হামাস নেতা, গাজায় মানবিক বিরতিতে রাজি ইসরায়েল
ইসরায়েলের প্রেসিডেন্ট গাজার লড়াইয়ে আরেকবার মানবিক বিরতি দিতে রাজি থাকার আভাস দেওয়ার পর মিশর সফর করছেন হামাস নেতা হানিয়া।
গাজায় নতুন করে যুদ্ধবিরতি করা নিয়ে আলোচনার জন্য বুধবার মিশরের রাজধানী কায়রোয় পৌঁছেছেন ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়া।
ওদিকে, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ বলেছেন, গাজায় আরেক দফায় লড়াইয়ে সাময়িক মানবিক বিরতি দিতে রাজি আছে তার দেশ।
মঙ্গলবার বিভিন্ন দেশের কূটনীতিকদের উদ্দেশে এক বক্তব্যে হেরজগ ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজার লড়াইয়ে আরেকটি মানবিক বিরতি দেওয়ার জন্য তার দেশ প্রস্তুত বলে জানান।
তার যুদ্ধবিরতির এই আভাসের পরই হামাস নেতা হানিয়া কায়রো সফর করছেন। একমাসের বেশি সময়ের পর এটি হানিয়ার প্রথম মিশর সফর। তার সফরের বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।
তবে একটি সূত্র জানিয়েছে, মিশরে উচ্চ-পর্যায়ের একটি হামাস প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হানিয়া। মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল ও অন্যান্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বৈঠকে বন্দি বিনিময় চুক্তির জন্য প্রস্তুতি নিতে আগ্রাসন ও যুদ্ধ বন্ধ করা, গাজায় ইসরায়েলি অবরোধের অবসান, মানবিক সাহায্য বিতরণ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং উত্তর গাজার বাস্তুচ্যুত অধিবাসীদেরকে তাদের বাড়িঘরে ফিরিয়ে দেওয়া নিয়ে আলোচনা হবে।
এর আগে নভেম্বরে গাজায় এক সপ্তাহের যুদ্ধবিরতি হয়। সেই যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা করেছিল কাতার এবং মিশরও। প্রথম দফার সেই যুদ্ধবিরতিতে ২৪০ জন ফিলিস্তিনির ইসরায়েলি কারামুক্তির মুক্তির বিনিময়ে শতাধিক ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস।
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে দুপক্ষের মধ্যে শুরু হওয়া যুদ্ধের দুই মাস পূর্ণ হয়েছে। এখন যুদ্ধ তীব্রতম পর্বে প্রবেশ করেছে। ইসরায়েলি যুদ্ধবিমান ঘনবসতিপূর্ণ গাজার বিভিন্ন লক্ষ্যে অবিরাম বোমা হামলা চালাচ্ছে।
এ পরিস্থিতিতে গাজায় হামলা বন্ধ করা এবং গাজাবাসীর জন্য আরও মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।
