২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ের উপায় দেখালেন যুক্তরাজ্যের জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বাড়াতে ‘পাবলিক ইনফরমেশন ক্যাম্পেইন’ শুরু করেছে যুক্তরাজ্য সরকার। যেখানে ‘সহজে, কম বা বিনা খরচে’ কীভাবে জ্বালানির ‘বড় সঞ্চয়’ করা সম্ভব তার নানা কৌশল শেখানো হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2022, 07:56 PM

Updated : 17 Dec 2022, 07:56 PM

নানা কারণে বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে বসতবাড়িতে বিদ্যুৎ বিলের পেছনে ব্যয় দ্বিগুণের বেশি বেড়ে গেছে। এ অবস্থায় শীতে জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কয়েকটি কৌশল দেখিয়ে দিয়েছেন দেশটির বাণিজ্য ও জ্বালানিমন্ত্রী গ্রান্ট শ্যাপস।

বিবিসির জলবায়ু বিষয়ক প্রতিবেদক জাস্টিন রোওলাটকে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে জ্বালানিমন্ত্রী তার বাড়িতে কীভাবে তিনি বিদ্যুৎ সাশ্রয় করেন তা দেখি জনগণকেও সেই উপায় অবলম্বন করার পরামর্শ দিযেছেন।

ভিডিওতে শ্যাপস দেখিয়ে দেন কীভাবে ঘরের সামনের দরজার নিচের ফাঁকা অংশ ও জানালার ধারের ফাঁকা অংশে বালিশ বা কাপড় গুঁজে দিয়ে বাইরের হাড়ঠাণ্ডা করা বাতাস ঘরের ভেতর প্রবেশ করা আটকে ঘর ‍অপেক্ষাকৃত গরম রাখা যায়। এভাবে বছরে প্রায় ৬০ পাউন্ড বিদ্যুৎ বিল সাশ্রয় সম্ভব বলে মনে করেন তিনি।

এরপর তিনি তার বাড়ির বয়লারের কাছে চলে যান এবং বলেন, যদি বয়লারের তাপমাত্র নিয়ন্ত্রণের সুইচ সর্বোচ্চ গরম এর পর্যায়ে না রেখে খানিকটা কমিয়ে রাখা হয় তাহলেও বিদ্যুৎ সাশ্রয় হবে।

বলেন, ‘‘সর্বোচ্চ পর্যায়ের না রেখে ৭৫ থেকে ৬০ সেন্টিগ্রেডের মধ্যে রাখলে ঘরের তাপমাত্রায় খুব বেশি হেরফের টের পাওয়া যাবে না। এরমাধ্যমে বছরে বিদ্যুৎ বিল ১০০ পাউন্ড কমিয়ে আনা সম্ভব।”

এরপর তিনি তার রান্নাঘরে গিয়ে মাইক্রোওয়েভ ওভেনের সুইচ বন্ধ করে দিয়ে বলেন, ‘‘আমার অনেক বিদ্যুতিক যন্ত্র ব্যবহার করি। কাজ শেষে সেগুলোর সুইচ চালু না রেখে যদি বন্ধ করে দেই তবে খুব সহজেই কিছু বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। সেগুলোর সুইচ বন্ধ করে রাখা নিরাপদও বটে।”

সম্প্রতি যুক্তরাজ্য সরকার বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বাড়াতে কোটি পাউন্ড খরচ করে ‘পাবলিক ইনফরমেশন ক্যাম্পেইন’ শুরু করেছে। যেখানে ‘সহজে, কম বা বিনা খরচে কীভাবে’ ‘বড় সঞ্চয়’ করা সম্ভব সে বিষয়ে নানা টিপস দেয়া হচ্ছে।

যাতে জনগণ বছরের শীতলতম মাসগুলোতে বিদ্যুৎ সাশ্রয় করে নিজেদের বিদ্যুৎ বিল কমাতে পারে।

শ্যাপস বলেন, ‘‘এই শীতে সবারই বিদ্যুৎ বিল বাড়বে। তাই সবার স্বার্থে সরকারের দেওয়া পরামর্শ বইয়ের সবগুলো কৌশল ব্যবহার করে যেমন বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব, তেমনি ঘরগুলোক উষ্ণ রেখে নিরাপদেও থাকা যাবে।

‘‘খুব কম বা কোন খরচ না করেই আপনি পাউন্ড বাঁচাতে পারেন। এভাবে সবাই মিলে সঞ্চয় সম্ভব। তাই আমি জনগণের কাছে নতুন প্রচারাভিযানে যেসব পরামর্শ দেয়া হচ্ছে সেগুলো আমলে নেয়া এবং আপনার জ্বালানি খরচ কমাতে সহজ এই পদক্ষেপগুলো গ্রহণ করার অনুরোধ করছি।”

নিজের টুইটার একাউন্টে বিদ্যুৎ সাশ্রয়ের কৌশল দেখিয়ে একটি ভিডিওটি শেয়ার করেছেন শ্যাপস।