গাজায় যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্রও রেহাই পাবে না: হুঁশিয়ারি ইরানের
জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে ইরান বলেছে, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্র নিজেও এ আগুন থেকে রেহাই পাবে না।
বৃহস্পতিবার জাতিসংঘে এ্ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।
জাতিসংঘ সাধারণ পরিষদের মধ্যপ্রাচ্য বিষয়ক বৈঠকে তিনি বলেন, “আমেরিকান রাষ্ট্রনায়করা যারা এখন ফিলিস্তিনে গণহত্যা পরিচালনা করছেন, তাদের আমি অকপটে বলছি যে, আমরা এ অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়াকে স্বাগত জানাই না। কিন্তু গাজায় গণহত্যা চলতে থাকলে, তারা (যুক্তরাষ্ট্র) এই আগুন থেকে রেহাই পাবে না।”
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের নজিরবিহীন হামলার পর এর জবাবে ইসরায়েলের সেনাবাহিনী গাজায় বিমান হামলার মধ্য দিয়ে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিল এবং হামাস যোদ্ধারা ২২৪ জন ইসরায়েলিকে ধরে গাজায় নিয়ে গিয়ে জিম্মি করেছে বলে জানায় ইসরায়েলের সেনাবাহিনী।
গাজায় হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধ ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী এক অধ্যায় রচনা করেছে। ইসরায়েলের লাগাতার হামলায় গাজায় এখন পর্যন্ত ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় স্থল অভিযান চালানোরও প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল।
মূলত হামাস যোদ্ধাদের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের উদ্ধার করা এবং হামাসকে নির্মূল করতেই ইসরায়েলের গাজায় স্থল অভিযানের এই পরিকল্পনা।
হামাসের হাতে আটক বিপুল এসব বন্দির মধ্যে ইসরায়েলি-আমেরিকান দ্বৈত নাগরিকও রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, হামাস ইরানকে বলেছে- তারা বেসামরিক এই বন্দিদের মুক্তি দিতে প্রস্তুত। আর ইসরায়েলি কারাগারে বন্দি থাকা ৬ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার জন্যও বিশ্বের উচিত ইসরায়েলকে চাপ দেওয়া।
আবদুল্লাহিয়ান আরও বলেন, “কাতার এবং তুরস্কের সঙ্গে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক প্রচেষ্টায় (জিম্মি মুক্তি) ভূমিকা পালন করতে ইরান প্রস্তুত। স্বাভাবিকভাবেই ইসরায়েলের কারাগারে বন্দি ৬ হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তি নিশ্চিত করাও বিশ্ব সম্প্রদায়ের আরেকটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
